খিলগাঁও-বাসাবো খাল স্থায়ীভাবে সংরক্ষণের কাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসা খিলগাঁও-বাসাবো খাল স্থায়ীভাবে সংরক্ষণের লক্ষ্যে উন্নয়ন ও পুনর্বাসন কাজের উদ্বোধন করেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে আগামী দেড় বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। গতকাল রোববার রাজধানীর কদমতলা ওয়াসা রোডে (কমলাপুর বৌদ্ধমন্দির থেকে পূর্ব দিকে) এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।ওয়াসা সূত্রে জানা গেছে, খিলগাঁও-বাসাবো খাল উন্নয়নকাজের মধ্যে উল্লেখযোগ্য হলো খালপাড় বাঁধাই, খনন, হাঁটার রাস্তা ও ‘রোড ক্রসিং কালভার্ট’ নির্মাণ। আগামী ১৮ মাসের মধ্যে এ কাজ সমাপ্ত হবে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় ১৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে এ উন্নয়নকাজ সম্পন্ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। উপব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লিয়াকত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।খিলগাঁও-বাসাবো খালের ওপর বসবাসকারী ২৬টি বস্তিবাসী পরিবারকে অন্যত্র সরে যাওয়ার জন্য প্রায় তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।গত ২২ এপ্রিল আবদুল্লাহপুর খালের উন্নয়ন ও পুনর্বাসনকাজের উদ্বোধন করা হয়েছে। ওই খালের ওপর ফুলবাড়িয়া টেকপাড় সেতু এলাকায় বসবাসকারী ২১টি বস্তিবাসী পরিবারকে অন্যত্র পুনর্বাসনের জন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।