খিলগাঁওয়ে আবাসন ব্যবসায়ী খুন
রাজধানীর খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকা থেকে গত শনিবার রাতে আলম সিদ্দিকী বাবলু (৩২) নামের এক আবাসন ব্যবসায়ীর অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করেছে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এ বি এম ফারুক আলম প্রথম আলোকে জানান, নিহত আলম স্ত্রী, মা ও ভাইদের নিয়ে পূর্ব গোড়ান এলাকার ১০ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন। বাবলু তাঁর কয়েকজন বন্ধু মিলে বাসার কাছাকাছি এলাকায় আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান খোলেন। শনিবার বেলা দেড়টার দিকে ওই প্রতিষ্ঠানের একটি কক্ষ থেকেই তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।এসআই জানান, কক্ষটি তালাবদ্ধ ছিল। দুর্গন্ধ পাওয়ার পর স্থানীয় লোকজন আলমের পরিবারের কাছ থেকে চাবি এনে কক্ষটি খুলে লাশ দেখার পর পুলিশকে খবর দেয়। লাশটি মেঝেতে উপুড় হয়ে ছিল। আলমের পরিবারের বরাত দিয়ে এসআই ফারুক আরও জানান, আলম গত বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে বাসা থেকে বের হন। এরপর তাঁর কোনো খোঁজ মেলেনি। পুলিশ জানায়, এ ঘটনায় গতকাল সকালে নিহতের ভাই মহসীন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী মহসীন জানান, প্রতিষ্ঠানের দুটি চাবির মধ্যে একটি থাকে আলমের পরিবারের কাছে অপরটি প্রতিষ্ঠানের কর্মচারী সায়েমের কাছে। গত বৃহস্পতিবার সকালে সায়েম গাজীপুরে চলে যান। আলম কেন খুন হয়েছেন সে ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান। সূত্র জানায়, তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের বাইরচতন গ্রামে। বাবা রফিক উল্লাহ।