খিলগাঁওয়ে গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা!
যৌতুক না দেওয়ায় রাজধানীর খিলগাঁওয়ে একজন গৃহবধূকে (২৩) মারধরের পর ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ঘটনার শিকার ওই গৃহবধূ প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর ১২টার দিকে স্বামী মুশফিক হাসান তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় মুশফিক তাঁকে গালিগালাজ করেন। এরপর শরীরে কামড় দিয়ে আহত করেন। ছাদে নিয়ে তাঁকে নিচে ফেলে হত্যার চেষ্টাও করেন। এ সময় তিনি কোনোমতে রক্ষা পান। পরে মুঠোফোনে তাঁর মা-বাবাকে ঘটনা জানান। গৃহবধূর বাবা রহমত আলী বলেন, এ ব্যাপারে তিনি মুশফিক ও ইন্ধনদাতা তাঁর ভাইবোনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করবেন। তিনি জানান, আড়াই বছর আগে পারিবারিকভাবে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা গুলশান নিকেতনের বাসায় ওঠেন। সেখানে মুশফিকসহ তাঁর ভাইবোনেরা যৌতুকের জন্য প্রায়ই তাঁকে মারধর করতেন। একপর্যায়ে তাঁকে ওই বাসা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি হয়েছে। যোগাযোগ করা হলে মুশফিক এ অভিযোগ অস্বীকার করে বলেন, গাজীপুরের একটি গার্মেন্টে তিনি চাকরি করেন। গতকাল তাঁর স্ত্রী ছয় হাজার টাকা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় স্ত্রী তাঁকে ছুরি দিয়ে মারতে আসেন। ছুরি কেড়ে নিতে তিনি ফাহমিদার হাতে কামড় দিয়েছিলেন। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, বাবা ও মেয়ে থানায় এসেছেন। লিখিত অভিযোগ দিলে অবশ্যই মামলা নেওয়া হবে।