খিলগাঁওয়ে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় গত শনিবার মধ্যরাতে রেহানা আক্তার ওরফে শিউলি (৪০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানার পুলিশ। আলমগীর একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক।পুলিশ ও নিহত রেহানার পারিবারিক সূত্র জানায়, রেহানা তাঁর চার সন্তান নিয়ে স্বামীর সঙ্গে দক্ষিণ বনশ্রীর ই ব্লকের ৪ নম্বর সড়কের ১৯৫ নম্বর বাসায় থাকতেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই বাসা থেকে তাঁকে অচেতন অবস্থায় মালিবাগের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।রেহানার ছেলে স্কুলছাত্র মহিউদ্দিন প্রথম আলোকে বলেছে, শনিবার রাত ১১টার দিকে তাঁর মা সুস্থ অবস্থায় ঘুমাতে যান। তিনি রাত ১২টার দিকে শোওয়ার ঘর থেকে বের হয়ে ছেলেকে ডেকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। এ ছাড়া তিনি আর কিছুই বলতে পারেননি। তখন তাঁর বমি এবং মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল। এ সময় স্বামী আলমগীরও কক্ষে ছিলেন। পরে ছেলেরা অন্যদের সহায়তায় মাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর আলমগীরও হাসপাতালে যান।মহিউদ্দিনের অভিযোগ, তার মাকে বাবা আলমগীর প্রায় প্রতি রাতে মাতাল হয়ে বাসায় ফিরে মারধর করতেন। তার দাবি, ঝগড়াঝাটির জের ধরে তার মাকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করেছেন তার বাবা।রেহানার ভাই ব্যবসায়ী আলী আশরাফ জানান, তাঁর বোনকে না জানিয়ে ভগ্নিপতি (আলমগীর) পাঁচ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। তিন বছর আগে দ্বিতীয় বিয়ের কথা জানার পর রেহানা তা মেনে নিতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে আলমগীর প্রায় রাতেই রেহানাকে মারধর করতেন। গত বুধবার রাতেও সন্তানদের সামনে স্ত্রীকে কিল, ঘুষি ও লাথি মারেন এবং একপর্যায়ে দেয়ালের সঙ্গে তাঁর মাথায় আঘাত করেন আলমগীর।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন বলেন, রেহানার স্বজনদের সন্দেহের ভিত্তিতে স্বামী আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে রেহানার ভাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।স্কুলছাত্রীর আত্মহত্যা: রাজধানীর যাত্রাবাড়ীতে গত শনিবার রাতে সোনিয়া আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছে।পারিবারিক সূত্র জানায়, পোস্তগোলা আর কে চৌধুরী ইউসেপ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সোনিয়া তার মা-বাবার সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার ২৬৭ দেওয়ানপাড়ায় থাকত। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে দেওয়ানপাড়ার বাসায় সোনিয়া ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সংজ্ঞাহীন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দুইটায় সে মারা যায়।