খিলগাঁওয়ে ডাকাতের হাতে বৃদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে গত সোমবার রেজিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে শ্বাস রোধ করে হত্যা করেছে ডাকাতেরা। অস্ত্র দেখিয়ে বাসার লোকজনকে জিম্মি করে ডাকাতের দল নগদ টাকা, অলংকার ও মোবাইল ফোনসেট নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দেলোয়ার নামের একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রাত তিনটার দিকে আট-দশজনের ডাকাতদল ৩২২/১ পূর্ব গোড়ানের ‘জননী ভিলায়’ গ্রিল কেটে দোতলার বারান্দায় ওঠে। ডাকাতেরা ধাক্কা দিয়ে দরজা খুলে রেজিয়া বেগমের শোয়ার ঘরে ঢোকে। তারা অস্ত্র দেখিয়ে রেজিয়া বেগম ও গৃহকর্মী সাবিনা আক্তারের (১৮) হাত-পা বেঁধে ফেলে। কিন্তু রেজিয়া চিত্কার দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁর গলা টিপে ধরে। তখনই তিনি মারা যান। এরপর ডাকাতেরা বৃদ্ধার ছেলে গোলাম কবিরের কক্ষে ঢুকে অস্ত্র দেখিয়ে তাঁর স্ত্রী ও সন্তানদের জিম্মি করে আলমারি থেকে ২০ ভরি স্বর্ণালংকার, ২৫ হাজার টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে যায়। বাধা দিতে গেলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে গোলাম কবিরের হাতে আঘাত করে। পরে লুট করা টাকা ও অলংকার নিয়ে ডাকাতেরা বেরিয়ে যায়।এ ব্যাপারে গোলাম কবির গতকাল মঙ্গলবার খিলগাঁও থানায় ডাকাতি ও হত্যার অভিযোগে মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দেলোয়ার নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের জামাতা মোহাম্মদ আলী খান জানান, গতকাল সকালে ডাকাত দেলোয়ার তাঁর শ্বশুরের বাসার সামনে ঘোরাফেরা করছিল। গৃহকর্মী সাবিনা তাকে চিনে ফেলে। এরপর আশপাশের লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, দেলোয়ার ডাকাতির কথা স্বীকার করেছে। সহযোগীদের নাম-ঠিকানাও জানিয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।