খিলগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবলীগ নেতা আহত
রাজধানীর খিলগাঁও এলাকায় গতকাল বুধবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রানা (২৪) নামের এক যুবক আহত হয়েছেন।
আহত রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, রানা সপরিবার বাসাবোতে থাকেন। তিনি ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
রানাকে হাসপাতালে নিয়ে আসা এক যুবক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১০টার দিকে রানা বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁও ঢালে ১০–১২ জন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে। কথা–কাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা রানার পেটে ছুরিকাঘাত করে। তিনি লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ওই যুবক বলেন, ১৫ দিন আগে খিলগাঁওয়ের ঢালে বসা নিয়ে রানার সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা–কাটাকাটি হয়েছিল। সেই ঘটনার জেরে তাঁর ওপর হামলা হয়ে থাকতে পারে।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মোল্লা আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। রানা এলাকায় সিনিয়র হিসেবে পরিচিত। এলাকার জুনিয়ররা রানার ওপর হামলা চালায়। রানার পক্ষ থেকে থানায় অভিযোগ নিয়ে এলে তা মামলা হিসেবে গ্রহণ করা হবে।’