খিলগাঁওয়ে বাস–অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের সামনে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন অটোরিকশার চালক মো. স্বপন (৩০) এবং যাত্রী ফাতেমা আক্তার (৪২)। ফাতেমার দুই ছেলে রাইসুল আলম (১২) ও শাকিব (১৫) আহত হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক এবং তিন যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের চিকিৎসা চলছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের সানারপাড় থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে বনশ্রীর দিকে আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি। আর অসীম পরিবহনের একটি বাস রামপুরার ব্রীজ হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিল। মেরাদিয়া বাজারের কাছাকাছি বনশ্রী এলাকায় অটোরিকশা ও বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজনের মৃত্যু হয়েছে। বাসের চালক পলাতক। তবে বাসটি আটক করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ফাতেমার গ্রামের বাড়ি কুমিল্লার বড়ুরা উপজেলায়। তাঁর স্বামী শাহ আলম দুবাইপ্রবাসী। দুই দিন আগে দুই সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় খালাতো বোনের বাসায় আসেন ফাতেমা। আজ সকালে অটোরিকশায় করে ঢাকার উত্তরায় আরেক বোনের বাসায় যাচ্ছিলেন। যাওয়ার পথে বনশ্রীতে দুর্ঘটনার শিকার হন তাঁরা। অটোরকিশাচালক মো. স্বপনের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি সকালে মিরপুরের ইব্রাহীমপুরের বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন।