খিলগাঁওয়ে হাসপাতালের দুই লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে একটি বেসরকারি হাসপাতালে গতকাল বুধবার ভোরে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে খিদমাহ হাসপাতাল থেকে প্রায় দুই লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হামলায় দুই জন আহত হয়েছেন। তাঁদের ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে একটি কালো ট্যাক্সিতে করে ডাকাতেরা হাসপাতালে আসে। তখন হাসপাতালের ফার্মেসি খোলা ছিল। ওষুধ কেনার কথা বলে একজন ভেতরে ঢোকে। পরে অস্ত্র হাতে বাকি চারজন ভেতরে ঢুকে ফার্মেসি ও হাসপাতাল কাউন্টার থেকে এবং রোগীর স্বজনদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুটে নেয়।নিরাপত্তাকর্মী হুমায়ুন কবির জানান, গতকাল ভোর পাঁচটার দিকে একটি কালো ট্যাক্সিতে করে কয়েকজন যুবক হাসপাতালে আসে। এদের একজন ওষুধ কেনার কথা বলে ভেতরে ঢোকে। সে ওষুধ নিয়ে ট্যাক্সিতে ওঠার পরপরই রামদা হাতে আরও চারজন হাসপাতালের ভেতরে ঢুকে তাঁকে জিম্মি করে। তারা প্রথমেই হাসপাতাল কাউন্টারের ক্যাশ বাক্স লুট করে। কাউন্টারের সামনে ওষুধের বিক্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আবদুুল্লাহকে অস্ত্রের মুখে জিম্মি করে বিক্রয়কেন্দ্রে লুটপাট চালায়। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর দুই আত্মীয় আশরাফুল ও সুলায়মান নিচে চিৎকার দিলে ডাকাতেরা তাঁদের রামদা দিয়ে কুপিয়ে আহত করে। পরে সবাইকে বিক্রয়কেন্দ্রের ভেতর আটকে রেখে ডাকাতেরা পালিয়ে যায়।আহত আশরাফুল ও সুলায়মান জানান, তাঁরা ওষুধ কিনতে নিচে নেমেছিলেন। ডাকাতেরা তাঁদের কাছ থেকে ১২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।খিদমাহ হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) মারুফ উল হক জানান, ডাকাতেরা ক্যাশ কাউন্টারের চারটি ড্রয়ার থেকে নগদ ৪৯ হাজার ৭০০ টাকা, তিনটি মোবাইল ফোন সেট এবং কিছু কাগজ লুট করে। এ ছাড়া ওষুধ বিক্রয়কেন্দ্র থেকে প্রায় দেড় লাখ টাকা লুট করে।খিলগাঁও থানার অপারেশন কর্মকর্তা আসলাম মিয়া জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।