খিলগাঁওয়ের মাঠ ডিএনসিসির: হাইকোর্ট
রাজধানীর খিলগাঁওয়ের ২৩ নম্বর ওয়ার্ডে (বি-ব্লক) অবস্থিত বাংলাদেশ আনসার অ্যান্ড ভিলেজ ডিফেন্স পার্টির (ভিডিপি) দখলে থাকা শিশুপার্কের জায়গা ৯০ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে ওই জায়গা খালি করার কার্যকর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্তসচিব এবং আনসারের মহাপরিচালকের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়।
পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে ওই স্থানে (দুই বিঘা) একটি উন্মুক্ত আধুনিক শিশুপার্ক গড়তে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই জায়গার বরাদ্দ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আনসার কর্তৃপক্ষ ২০০৭ সালে একটি রিট করে, যার ওপর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৬ আগস্ট হাইকোর্ট রুল দেন। আর শিশু পার্কটি আনসার-ভিডিপির দখল থেকে রক্ষার নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৮ সালে একটি রিট করে, যার প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৩০ নভেম্বর হাইকোর্ট রুল দেন। এসব রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় দেওয়া হয়।
আদালতে বেলার পক্ষে শুনানিতে ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী ও আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। আনসার-ভিডিপির পক্ষে ছিলেন আইনজীবী মো. আবদুর রউফ শেখ।
পরে সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, ১৯৮৭ সালে দুই বিঘার ওই শিশু পার্কের জায়গা আনসার-ভিডিপি কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে ইজারা নেয়। ১৯৯৬ সালে ওই ইজারা বাতিল করা হয়। এরপর ২০০০ সালে সবুজমতি ট্রাস্টের নামে ওই জায়গা পুনরায় ইজারা দেওয়া হলেও এলাকাবাসীর দাবির মুখে ২০০৪ সালে তা বাতিল করা হয়। এরপর ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আনসার-ভিডিপি কর্তৃপক্ষ শিশুপার্কের ওই জায়গা দখলে নেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে বেলা রিটটি করে। কেননা মাস্টারপ্ল্যানে ওই জায়গা সিটি করপোরেশনের শিশুপার্ক হিসেবে চিহ্নিত। আর ১৯৯৬ সালে ইজারা বাতিলের বিরুদ্ধে আনসার-ভিডিপি কর্তৃপক্ষ একটি রিট করে। হাইকোর্ট বেলার রিটে আসা রুল মঞ্জুর করে এবং আনসার-ভিডিপি কর্তৃপক্ষের করা রিটে আসা রুল খারিজ করে রায় দিয়েছেন।