খিলজি রোডে শিশুপার্কের মাঠ দখল করে স্বাস্থ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার খিলজি রোডে শিশুদের খেলাধুলা ও সব বয়সী মানুষের হাঁটাচলার একমাত্র মাঠটি এখন দখলের পথে। ঢাকা সিটি করপোরেশন ওই মাঠে একটি নগর স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে।এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের নামে তাদের নিঃশ্বাস ফেলার জায়গাটুকু কেড়ে নিচ্ছে সরকার। খিলজি রোডের বাসিন্দা ও বিগ ড্রিম ক্লাবের সভাপতি জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসী মাঠটি বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু আর ঠেকানো গেল না। প্রতিবাদ সত্ত্বেও নির্মাণকাজ শুরু করা হয়েছে।’ এলাকার আরেক বাসিন্দা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন শিশুদের খেলাধুলার জন্য প্রতিটি ওয়ার্ডে মাঠ করার কথা বলছেন, বেহাত হয়ে যাওয়া মাঠ উদ্ধারের কথা বলছেন, খিলজি রোডে সরকারই আইন ভঙ্গ করছে।’ এলাকাবাসীর মতে, খিলজি রোডের আশপাশেই ঢাকা শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের অবস্থান। বেসরকারি হাসপাতালও আছে কয়েকটি। তাই সেখানে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন অপ্রয়োজনীয়। এটি অন্য কোনো এলাকায় স্থাপন করলে মানুষ সেবা পাবে। জানা গেছে, ঢাকা সিটি করপোরেশন ও ম্যানিলাভিত্তিক একটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে খিলজি রোডে একটি নগর স্বাস্থ্যকেন্দ্র তৈরি হওয়ার কথা। ১৬৫ ফুট লম্বা ও ১২৯ ফুট চওড়া জায়গা এ জন্য নির্ধারিত হয়েছে। নির্মাণের দায়িত্ব পেয়েছে মার্কস কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারিপ্রতিষ্ঠান।ওই প্রতিষ্ঠানের পরিচালক সাজ্জাদ জামান বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী মাঠের কোনায় একটি তিনতলা ভবন হবে। ভবন স্থাপনের জন্য সম্প্রতি মাঠে আমরা কিছু নির্মাণসামগ্রী এনে রেখেছি। ১৬ মাস আগে আমরা দরপত্র জমা দিয়েছি, কার্যাদেশ পেলাম দেড় মাস আগে। এখন আবার লোকজন বিরোধিতা করছে। হাসপাতাল হলে সাধারণ মানুষ সেবা পাবে।’ বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাবীব বলেন, উদ্যান, প্রাকৃতিক জলাধার, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণ আইন-২০০০-এর সুস্পষ্ট লঙ্ঘন ঘটছে সেখানে। ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী সিটি করপোরেশনের দায়িত্বে থাকা এ মাঠটিতে কোনো স্থাপনা তৈরি অবৈধ। খিলজি রোডের মাঠ দখল করে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের বিরোধিতা করে বাপা গত বুধবার মানববন্ধন করেছে।