যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় নেমেছে খুদে বির্তাকিকেরা। গতকাল বুধবার শুরু হওয়া ছয় দিনব্যাপী প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালায় তারা তর্কযুদ্ধ করেছে, আবার প্রশিক্ষণও নিয়েছে।মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। বিদ্যালয়ের ডিবেটিং ক্লাব এমজিবিএসডিসি আয়োজিত শিশু পর্যায়ের বিতর্কে ১৮টি দল অংশ নেয়। স্কুলপর্যায়ে ৩২টি ও আন্তক্লাব পর্যায়ে ১৪টি দল নিবন্ধন করে।এম এম আকাশ বলেন, যুক্তিতর্কের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম একদিন সত্যের কাছাকাছি পৌঁছাবে। প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে যুক্তিতর্ক সুন্দরভাবে উপস্থাপনের কৌশল আয়ত্ত করা যায়।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোল্লা, এমজিবিএসডিসির মডারেটর শামীমা আক্তার, সভাপতি এইচ এম সাবির নূর প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলাম।শিশু বিতর্কের প্রথম পর্বে ‘আকাশ সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতিকে বিনষ্ট করছে’ এবং দ্বিতীয় পর্বে ‘কোচিং সেন্টারের প্রভাবে আমাদের শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা হয়। আজ শিশু বিতর্কের সেমিফাইনাল ও ফাইনাল পর্ব ও বারোয়ারি বিতর্ক হবে।এই প্রতিযোগিতা ও কর্মশালায় গণমাধ্যম সহযোগী এবিসি রেডিও ও দেশ টিভি। অনলাইন সহযোগিতায় www.prothom-alo.com। আরও আছে পলি ফুডস লিমিটেড।প্রতিযোগিতায় নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো মতিঝিল আইডিয়াল স্কুল, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মতিঝিল মডেল হাইস্কুল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল ব্যাংক পাবলিক হাইস্কুল, ওয়াইডব্লিওসিএ, হলিক্রস হাইস্কুস, সেন্ট গ্রেগরি হাইস্কুল, সেন্ট যোশেফ সেকেন্ডারি হাইস্কুল, এসওএস হারম্যান মেইনার হাইস্কুল, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী আইডিয়াল স্কুল, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, এসএমডিএস মাদ্রাসা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, আরমানিটোলা গভর্নমেন্ট বয়েজ স্কুল, তামিরুল মিল্লাত মাদ্রাসা, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, গ্রুপ অব ডিবেটরস, এসএমডিএস, নর্থ সাউথ ইউর্নিভাসিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, স্টামর্ফোড ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়।