খুন ও ছিনতাই বেড়েছে রাজধানীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে হঠাৎ খুনখারাবি ও ছিনতাই বেড়ে গেছে। তা ঠেকাতে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

গতকাল শনিবার ডিএমপি সদর দপ্তরের মিলনায়তনে গত জানুয়ারি মাসের অপরাধ সভায় ডিএমপির কমিশনার এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে সহকারী কমিশনার, অতিরিক্ত উপকমিশনার, উপকমিশনার, যুগ্ম কমিশনার ও সব অতিরিক্ত কমিশনাররা।

সভায় উপস্থিত পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অপরাধ সভায় আছাদুজ্জামান মিয়া বলেন, খুনখারাবি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লশি চালানোর মতো কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে বলেন, যেকোনো সময় জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জঙ্গিদের দমনে সবাইকে সজাগ থাকতে হবে।

ডিএমপির কমিশনার বলেন, গত জানুয়ারি মাসে উত্তরায় ‘গ্যাং স্টার’ নামের উঠতি সন্ত্রাসীদের হাতে কিশোর স্কুলছাত্র খুন হয়। রাজধানীতে এ রকম উঠতি সন্ত্রাসীদের হাতে আর কেউ যেন খুন না হয়, এ ধরনের সন্ত্রাসীদের যাতে উত্থান না ঘটে, সে জন্য পুলিশ কর্মকর্তাদের হুঁশিয়ার করে দেন। তিনি মাদক নির্মূলে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন।

 বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অপরাধ সভা চলে। সভা শেষে ডিএমপির কমিশনার ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ তুলে দেন। পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে যৌথভাবে মিরপুর ও তেজগাঁও বিভাগ।

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) পশ্চিম বিভাগ, জঙ্গি গ্রেপ্তারে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে ডিএমপির কাউন্টার টেররিজম বিভাগকে।

হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন ও আসামি গ্রেপ্তারে শ্রেষ্ঠ হয়েছেন অতিরিক্ত উপকমিশনার মাহমুদা আফরোজ লাকী। মামলার রহস্য উদ্‌ঘাটন ও চোরাই মালামাল উদ্ধারে ডিবি-দক্ষিণ বিভাগের পরিদর্শক শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।