সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন গতকাল বুধবার শোকসভা, মানববন্ধন, প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।সংগঠনগুলো হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।গতকাল বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বক্তারা বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন এ হত্যাকাণ্ড নিয়ে যে ধরনের নেতিবাচক সংবাদ প্রকাশ করছে, এর জন্য ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা একই সঙ্গে এ ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পারভীন সুলতানা।ঢাকা সাব-এডিটরস কাউন্সিল গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আজ দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করবে।রুনী ছিলেন তেজগাঁও মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের সাবেক ছাত্রী। এই কলেজ দুই সাংবাদিকের মৃত্যুতে শোকসভার আয়োজন করে।