খুনের পর চালককে বালা ও টাকা দিয়েছিল কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্তকে হত্যার পর গাড়িচালক কামরুল হাসানকে লুটের এক জোড়া বালা ও কিছু টাকা দিয়েছিলেন কামাল। গতকাল রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন আসামি মিন্টু।গতকাল আসামি মিন্টু ও রফিকুল ইসলাম জবানবন্দি দেন। ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার পর দুই আসামিকেই কারাগারে পাঠিয়ে দেন। এর আগে এ মামলার আরও চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মিন্টু তাঁর জবানবন্দিতে বলেন, তিনি চাঁদনীচক মার্কেটে ওড়নার দোকান করতেন। এক চাঁদাবাজির মামলায় তিন বছরের সাজা খাটেন। ২০১০ সালে চুরির মামলায় সাজা খেটে বের হওয়ার পর সাঈদ, কামাল, বকুল ও ফয়সালের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। ফয়সাল একদিন তাঁকে মহাখালীতে একটি কাজ আছে বলে কামরুল হাসান ওরফে অরুণের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অরুণ চিকিৎসক নারায়ণের গাড়িচালক বলে পরিচয় দিয়ে বলেন, চিকিৎসকের বাসায় ২০ লাখ টাকা ও ১০৮ ভরি স্বর্ণালংকার আছে। তা চুরি করতে হবে। ঘটনার দিন মহাখালী সাততলা বস্তিতে গাঁজা খেয়ে রাত তিনটায় চুরি করতে যান তাঁরা।মিন্টু জবানবন্দিতে আরও বলেন, গাড়িচালক কামরুল তাঁদের বলেন, ‘চুরি করার সময় কোনো সমস্যা হইলে তোরা মাইরা-মুইরা পালাইবি।’ মিন্টু বলেন, তাঁরা চুরি করার জন্য চিকিৎসকের ঘরে ঢোকার সময় কামরুল বারান্দায় পায়চারী করেন। মিন্টু, সাঈদ, বকুল, হোসেনসহ পাঁচজন দেয়াল টপকে ঘরে ঢোকেন। মিন্টু বলেন, এ সময় হোসেনের হাতে চাপাতি, বকুল ও তাঁর হাতে ছুরি এবং সাঈদ ও কামালের কাছে শাবল ছিল। চিকিৎসক টের পেয়ে দরজা খুলতেই হোসেন চাপাতি দিয়ে তাঁর ঘাড়ে আঘাত করেন। নারায়ণ চিৎকার করলে বকুল ও সাঈদ তাঁকে কাপড়ের দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করেন। তোয়ালে দিয়ে মুখ পেঁচিয়ে ধরেন হোসেন। এরপর বকুল ও মিন্টু চিকিৎসকের বুকে ছুরি মারেন। এ সময় কামাল আলমারি থেকে গয়না ও টাকা বের করেন। মিন্টু জবানবন্দিতে বলেন, ‘ছুরি মারার পর রক্ত দেইখা আমরা দিশাহারা হইয়া অল্প কিছু গয়না ও টাকা নিয়ে পালাইয়া আসি। পরে সাততালা বস্তিতে কামরুল হাসানের সঙ্গে দেখা হয়। কামাল তাঁরে এক জোড়া বালা আর কিছু টাকা দেয়।’ গত ২৩ আগস্ট রাতে নারায়ণ চন্দ্র দত্তকে হত্যা করা হয়। ২৬ আগস্ট মাসুদ, মো. ফয়সাল, পিচ্চি কালাম ও সাইদুল ইসলাম নামে চারজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় ডিবি।