দেশের হাসপাতালগুলোতে রোগীরা জরুরি চিকিৎসাসেবা পাচ্ছে না। হাসপাতালগুলোর জরুরি বিভাগ মূলত রোগী নিবন্ধন ও অন্য ওয়ার্ডে রোগী পাঠানোর কাজ করে। যে স্বল্প কয়েকটি হাসপাতালে জরুরি বিভাগ আছে বলে মানুষ জানে, সেসব হাসপাতালেও জরুরি সেবা দেওয়ার মতো দক্ষ চিকিৎসক ও নার্স নেই।গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা বিষয়ে আন্তর্জাতিক সেমিনারে বিশেষজ্ঞ আলোচকেরা এ কথা বলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শাখার সহায়তায় এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব ইমার্জেন্সি মেডিসিন।সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক মির্জা মাজহারুল ইসলাম বলেন, অনেক মানুষ জরুরি সেবা না পেয়ে মারা যায়। এক হাসপাতালে শয্যা না পেয়ে অন্য হাসপাতালে যায়। তারপরও সেবা পায় না।সোসাইটির সভাপতি হুমায়ুন কবির চৌধুরী বলেন, জরুরি চিকিৎসাসেবার জন্য প্রশিক্ষণ পাওয়া পর্যাপ্তসংখ্যক দক্ষ চিকিৎসক ও নার্স দরকার। পাশাপাশি জটিল চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম প্রয়োজন।সোসাইটির মহাসচিব রাগীব মনজুর বলেন, দেশের হাসপাতালগুলোতে আসা ১০ থেকে ১৫ শতাংশ রোগী জরুরি সেবার জন্য আসে। কিন্তু খুব কমসংখ্যক রোগী জরুরি সেবা পায়। তিনি বলেন, জরুরি সেবাদান কেন্দ্র বলতে যা বোঝায়, দেশের হাসপাতালগুলোর জরুরি বিভাগ সেভাবে গড়ে ওঠেনি।পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে দেড় শতাধিক চিকিৎসক অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন আছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক।