খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাথা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধারা আমাদের সম্পদ। একে রক্ষা করার দায়িত্ব আমাদের। এ নিয়ে কেউ বিরূপ মন্তব্য করলে সহ্য করা হবে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে একাত্তরের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরগাথা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের বক্তব্যের সমালোচনা করেন আরেফিন সিদ্দিক।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌ-কমান্ডো বদিউল আলম, শাহজাহান সিদ্দিকী, সরদার মহসীন আলী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুল ইসলাম, ক্যাপ্টেন শাহাবুদ্দিন, শাহজাহান কবির, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ। সংগঠনের মহাসচিব শাহজাহান কবিরের লেখা এ বইটিতে মুক্তিযুদ্ধের সাংগঠনিক কাঠামো, ১১টি সেক্টর ও সেক্টর কমান্ডারদের নাম, সেক্টর এলাকাসহ তিনটি ব্রিগেড ফোর্সের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এ ছাড়া নৌ-কমান্ডো বাহিনী, বিমানবাহিনী গঠন ও প্রশিক্ষণ এবং বিভিন্ন যুদ্ধের তথ্য তুলে ধরা হয়েছে।