খেতে খেতে শুনুন

ঢাকায় আজকাল বেশ কয়েকটি রেস্তোরাঁ কিংবা ক্যাফেতে সন্ধ্যা নামে গানের সুরে সুরে। সঙ্গে উষ্ণ কফির পেয়ালায় চুমুক আর তুমুল আড্ডা। সন্ধ্যাকালীন খানাপিনার সঙ্গে শোনা যায় সরাসরি গান। শিল্পী হিসেবে থাকেন নতুন-পুরোনো ব্যান্ড দল কিংবা বয়সে নবীন অথবা স্বনামখ্যাত কোনো শিল্পী। মিউজিক ক্যাফে এগুলোর মধ্যে পরিচিত।
ধানমন্ডি, বনানী, গুলশান, উত্তরা, খিলগাঁও এলাকায় চালু হয়েছে বেশ কয়েকটি মিউজিক ক্যাফে। গানের সঙ্গে এসব ক্যাফেতে পাবেন জিবে জল আনা সব খাবার। খুব ছিমছাম পরিবেশে মৃদু আলোয় এসব ক্যাফের পরিবেশও মনকাড়া। তাই পরিবারের সদস্যদের সঙ্গে কিংবা বন্ধুরা মিলে একান্তে সময় কাটাতে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে এসব মিউজিক ক্যাফে।
উত্তরা ১৩ নম্বর সেক্টরে দ্য স্টেজ মিউজিক ক্যাফেটি খোলা হয় ২০১৪ সালে। বন জভি, বব মারলে, জন লেননের মতো সংগীত তারকার বড় বড় ছবি চোখে পড়বে এই মিউজিক্যাল ক্যাফেতে ওঠার সিঁড়ি থেকেই। মঞ্চের খুব কাছে বসতে না চাইলে অথবা বন্ধুদের নিয়ে একটু আলাদা বসতে চাইলে সেই ব্যবস্থাও আছে। এই ক্যাফেতে সপ্তাহের সাত দিনই সন্ধ্যা সাতটা থেকে বসে গানের আসর।
ধানমন্ডির ১৫ নম্বর বাস ফ্লেভারস মিউজিক ক্যাফেতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সরাসরি গান শোনার আনন্দ মিলবে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আবছা আলোয় মন ছুঁয়ে যায়। এ আলো ক্ষণে ক্ষণে রং বদলায়। কখনো আকাশি নীল, কখনো ফিকে হলুদ, কখনো হালকা লালের দেখা মিলবে।
মিউজিক ক্যাফেতে শ্রোতারা মূলত আসেন গান শুনতেই, এরই ফাঁকে চলে খাওয়া-দাওয়া। ইদানীং অনেকে পারিবারিক, ব্যবসায়িক নানা অনুষ্ঠানও আয়োজন করছেন এসব ক্যাফেতে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারহানা আকতার বন্ধুদের সঙ্গে তাঁর জন্মদিন পালন করেছেন ফ্লেভারস মিউজিক ক্যাফেতে। তিনি বললেন, একটু ভিন্নতা আনতেই এমন ক্যাফেতে আসা। পছন্দের গান শোনা হলো, সঙ্গে খাওয়া তো আছেই।
চা-কফি হাতে তুলে সুরের মাঝে হারিয়ে যেতে সন্ধ্যার পর পরই হাজির হতে পারেন বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রি-তে। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে যায় গানের আসর, আর সেটা চলতে থাকে রাত ১১টা অবধি। সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, তাই যেকোনো এক সন্ধ্যায় আড্ডা জমাতে পারেন রাত অবধি।
মিউজিক ক্যাফে বলে খাবারের দাম বেশি হবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। এসব ক্যাফের খাবারের দাম ঢাকার অন্যান্য রেস্তোরাঁর মতোই। ক্যাফে থার্টি থ্রির প্রধান ওয়েটার মো. সালেকুর রহমান বলেন, ‘আশপাশের যেসব রেস্তোরাঁ আছে, আমাদের খাবারের মূল্য সেগুলোর মতোই। গান শোনার সুবিধার জন্য আলাদা কোনো মূল্য যোগ করা হয় না।’
ভোজনরসিকদের কাছে নতুন ‘ফুড জোন’ হিসেবে পরিচিতি পাওয়া খিলগাঁওয়ে রয়েছে ‘টিউন অ্যান্ড বাইট’ নামের একটি মিউজিক ক্যাফে। এখানে সপ্তাহের সাত দিনই সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত স্থানীয় শিল্পীরা গান শোনান।
বনানীর ১১ নম্বর সড়কের অফ ট্র্যাক মিউজিক ক্যাফেতে বসে রাতের বনানী ভালোভাবেই চোখে পড়বে। নয়তলার ওপরে কাচের দেয়াল দিয়ে ঘেরা এ ক্যাফে সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে আর গান শুরু হয় সন্ধ্যার পর থেকে। ভেতরের ছিমছাম পরিবেশ আর গানে খানিকটা সময়ের জন্য হারিয়ে যেতে পারেন কল্পনার জগতে।
এসব ছাড়াও বনানীর স্মোক মিউজিক ক্যাফে এবং তার্কাবাজ রেস্টুরেন্ট ও মিউজিক ক্যাফে, উত্তরা ১ নম্বর সেক্টরের ফায়ার অন আইস, বসুন্ধরা আবাসিক এলাকার চিলআউট মিউজিক ক্যাফেতেও খাবারের পাশাপাশি সরাসরি গান শুনতে পারবেন।
এসব ক্যাফের সজ্জায় নতুনত্ব আনার চেষ্টা চোখে পড়ার মতো। খাবারের তালিকায় স্যুপ, সালাদ, পিজা, স্টেক, বার্গার, স্যান্ডউইচ সবই পাবেন। পছন্দের কোনো পানীয় ফরমাশ করে আড্ডা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যেতে পারেন। হঠাৎ গিটারের টুংটাংয়ে নজর ফেরাতে হবে মঞ্চের দিকে। কেননা, বিকেলের আলো মিলে গেলেই শুরু হবে গানের পর্ব।