খেলা দেখতে না পেরে বিদ্যুৎকেন্দ্রে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আর্জেন্টিনার খেলার সময় ক্ষণিকের জন্য বিদ্যুৎ গেলেই শুরু হয় মিছিল। গত রাতে লোকজন যেভাবে বৃষ্টির মতো ইট ছুড়ে মারছিল, গেটটা বন্ধ না থাকলে তো আমি মরতে বসেছিলাম। লোকজন আমার গাড়ি ভেঙেছে। আশপাশের আরও কয়েকটি গাড়িও তারা ভেঙেছে।’লালবাগের ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী এস এম তারিক গতকাল বুধবার মধ্যরাতে উপকেন্দ্রে একদল বিক্ষুব্ধ ক্রীড়ামোদীর ভাঙচুরের বর্ণনা দেন। এ ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে কুমারটুলী, নাজিমউদ্দিন রোড, বংশাল, ওয়াটার ওয়ার্কস রোড ও বাংলাবাজার উপকেন্দ্রে।খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার মধ্যরাতে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে না পেরে ক্রীড়ামোদী বিক্ষুব্ধ জনতা এলোপাতাড়ি মিছিল করে উপকেন্দ্রের কাছে এসে ভাঙচুর চালাতে থাকে। এমনকি ওয়াটার ওয়ার্কস রোডের ১১ কেভি উপকেন্দ্রের সীমানাপ্রাচীর টপকে বিক্ষুব্ধ সমর্থকেরা কর্তব্যরত সুইচ বোর্ড অ্যাটেনডেন্টকে বেদম মারধর করে। রাতে চকবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অন্যদিকে গতকাল থেকে পরিস্থিতি সামাল দিতে লালবাগ ও কোতোয়ালির সব কটি বিদ্যুৎ উপকেন্দ্রে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) সদস্যদের সার্বক্ষণিক টহল দেওয়ার অনুরোধ করেছেন উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলীরা। এ ছাড়া রাতে সব কটি বিদ্যুৎ উপকেন্দ্রের মূল প্রবেশমুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় লোকজনের অভিযোগ, খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে অথবা খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে কিংবা খেলার দ্বিতীয়ার্ধেই বিদ্যুৎ চলে যায়। ১০ নম্বর হায়দার বক্স লেনের বাসিন্দা আবদুর রহিম বলেন, দুই সপ্তাহ ধরে এ অবস্থা চলছে। এলাকার সবাই খেলা দেখে। কিন্তু বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর যেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ইচ্ছা করেই এটি করছে। সমস্যা জানতে চাইলে তারা দুর্ব্যবহার করে। ক্ষুব্ধ মানুষ ক্ষোভ আর কতক্ষণ রাখতে পারে?পুরান ঢাকার হায়দার বক্স লেনের বাসিন্দাদের অভিযোগ, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলার সময় যেন পরিকল্পিতভাবে বিদ্যুতের লুকোচুরি শুরু হয়।এ ব্যাপারে লালবাগ উপকেন্দ্রের ব্যবস্থাপক এস এম তারিক, বংশাল উপকেন্দ্রের ব্যবস্থাপক হাবিবুল্লাহ মল্লিক ও বাংলাবাজারের এহেতশামুল হক বলেন, বিশ্বকাপের শুরুতে বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত কারখানা বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছিল।কুমারটুলী উপকেন্দ্রের ব্যবস্থাপক বলেন, মালিকেরা সারা রাত কারখানা বন্ধ রাখতে চান না। কারখানা যদি বন্ধ রাখেন, তাহলে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব।