খেলাঘর আসরের জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প শুরু
কেউ কাস্তে হাতে ধান কাটছে, কোমরে পানিভর্তি কলসি নিয়ে ঘরে ফিরছে কেউ। কাঁধে ঝোলা ঝুলিয়ে মুসাফিরের বেশে চলছে দু-একজন। স্বামীর জন্য স্ত্রী খাবার নিয়ে যাচ্ছে খেতে। গতকাল বৃহস্পতিবার গ্রামবাংলার চিরায়ত সংস্কৃতির এই চিত্র নৃত্য ও বাদ্যের তালে তালে তুলে ধরেছে ‘খেলাঘর আসর’-এর সদস্যরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্র মাঠে গতকাল শুরু হয় চার দিনব্যাপী ‘খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প’। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে শিশু-কিশোরেরা এমন পরিবেশনায় অংশ নেয়। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে ও দেশের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশে আয়োজিত এ প্রশিক্ষণ ক্যাম্প শেষ হবে আগামী রোববার।মঞ্চে আসন গ্রহণকারীদের লাল স্কার্ফ পরিয়ে বরণ করে নেয় খেলাঘরের শিশুরা। এরপর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন উড়িয়ে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় ভারত থেকে আসা ৩০ সদস্যের প্রতিনিধিদল, নেপালের ২০ সদস্যের প্রতিনিধিদল এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা খেলাঘরের প্রায় হাজার খানেক শিশু-কিশোরের করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ।আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রায় ঘণ্টা খানেক চলে নানা সাংস্কৃতিক পরিবেশনা। এরপর আলোচনা পর্ব।আলোচনা পর্বে অধ্যাপক আনিসুজ্জামান ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে শিশু-কিশোরেরা শৃঙ্খলা শিখবে এবং তাদের শারীরিক সামর্থ্য বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, একই সঙ্গে এই শিশু-কিশোরেরা এমন একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে কাজ করবে, যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু-কিশোর। তিনি শিশুবান্ধব সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবিব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান পান্না কায়সার, সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, ক্যাম্পে অংশ নিতে ভারত থেকে আসা কিশোর মেলা সংগঠনের নেতা বলরাম হালদার প্রমুখ বক্তব্য দেন।