খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদকাসক্তি ও জঙ্গিবাদ প্রতিরোধে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দিতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে ‘শারীরিক ও ক্রীড়া শিক্ষা: প্রেক্ষিত জাতীয় শিক্ষানীতি-২০১০’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়মিত খেলাধুলা করানো হয় না উল্লেখ করে মন্ত্রী বলেন, এ জন্য মাঠ, ক্রীড়া সরঞ্জাম ও ক্রীড়া শিক্ষকের অভাবসহ নানা কারণ রয়েছে। তবে এ ক্ষেত্রে প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটিসহ সংশ্লিষ্টদের মনোভাব একটি গুরুত্বপূর্ণ বিষয়।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম প্রমুখ। সভায় দেশের সরকারি-বেসরকারি স্কুলের শারীরিক শিক্ষকেরা এ সময় উপস্থিত ছিলেন।হজে যেতে ইচ্ছুক শিক্ষক-কর্মচারীদের কল্যাণসুবিধার চেক প্রদান: বিকেলে মন্ত্রী কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে ২৬০ জন হজে যেতে ইচ্ছুক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে বিশেষ ব্যবস্থায় নতুন বেতন স্কেলে কল্যাণসুবিধার চেক হস্তান্তর করেন। এতে অর্থ লেগেছে পাঁচ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকা। শিক্ষাসচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে মাউশির মহাপরিচালক, কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব মো. শাহাজাহান আলম প্রমুখ বক্তব্য দেন।