খেলার ছলে শিশুর মৃত্যু
খেলার ছলে রিকশার পেছনের রডে উঠেছিল আট বছরের নিশি, কিন্তু বাড়ি ফিরল তার লাশ। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে পুরান ঢাকার বংশাল এলাকায়।প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে জানান, বুধবার রাতে নিশি খেলার ছলে একটি রিকশার পেছনের রডের ওপর উঠে পড়ে। চালক বিষয়টি জানতেন না। কিছুদূর চালিয়ে যাওয়ার পর রিকশার গতি কমে যায়। তখন চালক রিকশা থামিয়ে দেখেন, চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে আছে এক শিশু। আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তার আগেই সে মারা যায়। তিনি বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন। পরে লাশটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।নিশির বাবা ফলবিক্রেতা মফিজুল ইসলাম জানান, গত রাতে নিশি তার একই বয়সী মামা জাহিদের সঙ্গে বাসা থেকে বের হয়। পরে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়। লোকমুখে খবর পেয়ে তিনি মর্গে ছুটে আসেন। তিন মেয়ের মধ্যে নিশি ছিল বড়। নিশিদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানার সোনারগাঁও গ্রামে। তিনি পুরান ঢাকার বংশালের মাহুতটুলীর চাঁদ মসজিদসংলগ্ন আরিফ হোসেনের বাসায় ভাড়া থাকেন।