খেলার মাঠে অতর্কিত হামলায় স্কুলছাত্রসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর-২ নম্বরের খেলার মাঠে গতকাল রোববার বিকেলে পিটিয়ে ও গুলি করে তিনজনকে আহত করেছে সন্ত্রাসীরা। এদের মধ্যে গুরুতর অবস্থায় স্কুলছাত্র সুজন (১২) ও সোহেলকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল তিনটার দিকে মিরপুর-২ নম্বর রাইনখোলা পানির ট্যাংক-সংলগ্ন মাঠে স্থানীয় কিশোর-তরুণেরা ক্রিকেট খেলছিল। এ সময় অতর্কিতে একদল সন্ত্রাসী ক্রিকেটের স্ট্যাম্প ও আগ্নেয়াস্ত্র হাতে মাঠে ঢুকে পড়ে। তারা খুদে খেলোয়াড়দের স্ট্যাম্প দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। এতে স্কুলছাত্র সুজনের ডান হাতে গুলি লাগে। সন্ত্রাসীদের পিটুনিতে আহত হয় সোহেল ও আশিকুর রহমান (১৮)।খবর পেয়ে মিরপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) জসিমউদ্দিন মোল্লা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়।জসিমউদ্দিন মোল্লা বলেন, পূর্ব বিরোধের জের ধরে হামলা চালানো হয়েছে বলে তাঁদের ধারণা। হাসপাতালে চিকিৎসাধীন সুজন ও সোহেল প্রথম আলোকে বলে, কারা কেন হামলা করেছে তা তারা বুঝতে পারছে না।