খোঁজ মেলেনি সংবাদকর্মী আওরঙ্গজেবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওরঙ্গজেব সজীব
আওরঙ্গজেব সজীব

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সাংবাদিক আওরঙ্গজেব সজীবের খোঁজ মেলেনি গতকালও। এ বিষয়ে গতকাল সোমবার তাঁর স্ত্রী শাহবাগ থানায় একটি জিডি করেছেন।
গত রোববার সকাল থেকে নিখোঁজ আওরঙ্গজেব। বাংলাভিশন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিনসহ কয়েকটি গণমাধ্যমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তাঁর পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, চাঁদপুরগামী একটি লঞ্চ থেকে তিনি নদীতে লাফিয়ে পড়েছেন বলে তাঁর ফোন থেকে সহকর্মীদের জানিয়েছেন লঞ্চেরই এক যাত্রী। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ পরিষ্কার করে কিছু বলতে পারেনি।
আওরঙ্গজেব নিখোঁজ হয়েছেন উল্লেখ করে গতকাল রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি করেছেন তাঁর স্ত্রী মোরশেদা বেগম। শাহবাগ থানার ওসি আবুবকর সিদ্দিক বিষয়টি জানিয়েছেন। জিডিতে উল্লেখ করা হয়, রোববার সকালে ঢাকা মেডিকেলে যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার চকবাজারের বাসা থেকে বের হন আওরঙ্গজেব। মোটরসাইকেলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে রেখে তিনি বের হন। এরপর ঢাকা থেকে চাঁদপুরে ছেড়ে যাওয়া এমভি তাকওয়া লঞ্চে তাঁর দুটি মুঠোফোন, পরিচয়পত্র ও ব্যাগ পাওয়া যায়।