খোঁড়াখুঁড়িতে অচল বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী সুপার মার্কেটের চারদিকের সড়কে চলছে খোঁড়াখুঁড়ির কারবার। তাই ক্রেতারা কেনাকাটা করতে তেমন একটা আসেন না l প্রথম আলো
রাজধানী সুপার মার্কেটের চারদিকের সড়কে চলছে খোঁড়াখুঁড়ির কারবার। তাই ক্রেতারা কেনাকাটা করতে তেমন একটা আসেন না l প্রথম আলো

পশ্চিম দিকে বড় বড় গর্ত আর ক্ষতবিক্ষত রাস্তা। পূর্ব ও দক্ষিণ দিকে এবড়োখেবড়ো রাস্তায় চলছে যানবাহন। আর উত্তর দিকের রাস্তার মাটির নিচের ড্রেনেজ লাইনের পুরোনো পাইপ তুলে যথেচ্ছভাবে রাখা হয়েছে রাস্তার ওপরেই। মাঝখানে রাজধানী সুপার মার্কেট। এক কথায় বলতে গেলে প্রায় অচল হয়ে পড়েছে।
গতকাল শনিবার এলাকায় গিয়ে এমন অবস্থাই দেখা যায়। মার্কেটের কাপড় ব্যবসায়ী নূরুল ইসলাম বললেন, ‘চারদিকের এমন বেহাল অবস্থায় আমরাও একরকম অবরুদ্ধ হয়ে আছি। কাস্টমারদের অনেক কসরত করে মার্কেটে ঢুকতে হচ্ছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে পড়ার জোগাড় হয়েছে।’
রাজধানী সুপার মার্কেটে দোকান ১ হাজার ৭৮৮টি। বেশির ভাগ মালিক-কর্মচারী ক্ষতিগ্রস্ত বেশ কয়েক বছর ধরে। আবদুস ছাত্তার, আকিল আহমেদ, আবদুর রহমানসহ কয়েকজন পুরোনো ব্যবসায়ী বলেন, ছয় বছরেরও বেশি সময় মার্কেটটি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা তাঁদের ব্যবসায় প্রভাব ফেলেছে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার (উড়ালসড়ক) নির্মাণের সময় রাস্তার বিশাল অংশজুড়ে টানা গর্ত করার কারণে পুরো ধকল আসে মার্কেটের ওপর। বর্তমানে মেরামত করা হচ্ছে, তাতেও দুর্ভোগ।
দোকানিদের বক্তব্য, রাস্তা মেরামত ও ড্রেনেজ লাইন নির্মাণের পুরো প্রক্রিয়ায় সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব রয়েছে। উত্তর দিকের রাস্তার ওপর অন্তত ১০টি পাইপ এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে। তাঁদের কথার সূত্র ধরে ওই রাস্তায় গিয়ে দেখা গেল, রাস্তার যে প্রশস্ততা, তাতে একটি বাস ঢুকলে পাশে বড়জোর একটি রিকশা চলতে পারে। কিন্তু পুরোনো পাইপ রাখার কারণে তা-ও সম্ভব হচ্ছে না।
অভয় দাস লেনের বাসিন্দা কবির উদ্দিন তাঁর অসুস্থ মাকে রিকশায় সালাউদ্দিন হাসপাতালে নিতে গিয়ে পড়েন বিপাকে। তিনি বলেন, মার্কেটের পশ্চিম পাশের সোজা পথে যাওয়া সম্ভব হয়নি। উত্তর দিকের রাস্তায় যাওয়ার সময় একটি বাস রিকশা ঘেঁষে চলে যায়। অনেক ঘুরে যখন ভাঙা রাস্তার ওপর দিয়ে হাসপাতালে পৌঁছান, মনে হচ্ছিল, তিনিও যেন রোগী হয়ে গেছেন।
পুলিশের উপকমিশনারের সাবেক কার্যালয়ের পাশের রাস্তাটি মার্কেটের পশ্চিম দিকে। রাস্তাটির অবস্থা এখন গ্রামের মেঠো পথের চেয়েও খারাপ। দুই প্রান্ত থেকেই মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হয় রাস্তা। সে অবস্থাতেই পথচারীরা চলাচল করেন। ক্রেতারা মার্কেটে যাওয়ার চেষ্টা করে হোঁচট খান।
কাপড়ের দোকানি আবদুল আলিম বলেন, রাস্তায় এভাবে পাইপ ফেলে রাখার কারণে ছোট রাস্তা আরও ছোট হয়ে গেছে। দুর্ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। তিনি প্রশ্ন করেন, এ রাস্তা কবে ঠিক হবে?
পূর্ব দিক থেকে মার্কেটের দক্ষিণ দিকের রাস্তায় আসা যাত্রীবাহী বাসগুলো চলছিল দুলে দুলে। মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের পাশ থেকে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল পর্যন্ত পুরো রাস্তা ভাঙাচোরা। পাশে ড্রেনেজ লাইন করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, রাজধানী মার্কেটের রাস্তা ছাড়াও উড়ালসড়কের নিচে রাস্তা, ফুটপাত ও নর্দমা করা হচ্ছে। ঠিকাদারেরা অনেক সময় যথাসময়ে মাটি ও পরিত্যক্ত সামগ্রী সরিয়ে নেন না। অনেক সময় সেগুলো রাখারও জায়গা পাওয়া যায় না।