খোলা ছাদে খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডিতে ছাদের ওপর স্থাপিত একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন তরুণ–তরুণী l ছবি: প্রথম আলো
ধানমন্ডিতে ছাদের ওপর স্থাপিত একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন তরুণ–তরুণী l ছবি: প্রথম আলো

মুক্ত হাওয়ায় উদরপূর্তি, সঙ্গে বাড়তি পাওনা প্রাকৃতিক শোভা। নিচে তাকালে কোথাও চোখজুড়ানো সবুজের সন্নিবেশ, কোথাও নগর জীবনের ব্যস্ততা। মজাদার খাবারের সঙ্গে বাড়তি পাওনা পাখির চোখে শহর দেখার সুযোগ। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ছাদের রেস্তোরাঁ বা ‘রুফটপ ক্যাফে’গুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
ধানমন্ডি এলাকার রুফটপ রেস্তোরাঁর মধ্যে নবীনতম ‘অরিগানো’। ৫/এ সড়কে বিকল্প টাওয়ারের সপ্তম তলায় নতুন বছরের পয়লা দিন চার বন্ধু মিলে চালু করেছেন এ রেস্তোরাঁ। খেতে বসে সামনে তাকালেই চোখে পড়ে ধানমন্ডি লেক। রেস্তোরাঁটির সব খাবারই ইউরোপিয়ান ঘরানার। দাম ১৩০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত। উদ্যোক্তাদের একজন তানভীর আহমেদ বললেন, ‘ধানমন্ডি লেকের এই দৃশ্য যাতে ভোক্তারা উপভোগ করতে পারেন, সে কথা চিন্তা করেই ছাদের ওপরে ক্যাফে চালু করা।’
এ ভবনেই আরেক পাশে রুফটপ রেস্তোরাঁটি চিজউইক। বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েক বন্ধু মিলে খেতে এসেছিলেন চিজউইকে। তাঁদের একজন রাহুল বিশ্বাস বললেন, ‘এই জায়গার দৃশ্যটা খুব ভালো লাগে। চোখের সামনে ধানমন্ডি লেক, কোলাহল কম, তাই বন্ধুরা মিলে মাঝেমধ্যেই চলে আসি।’ খেতে জনপ্রতি ন্যূনতম খরচ হবে সাড়ে ৪০০ টাকা।
ধানমন্ডির ৯/এ সড়কের র্যাং গ্স কেবি স্কয়ার ভবনের ১৩ তলায় ক্যাফে দ্রুম। এই রেস্তোরাঁর সাজসজ্জায় সবুজের আধিক্য চোখে পড়ার মতো। অন্দরসজ্জাও নজরকাড়া। পাখির চোখে দেখা ব্যস্ত ধানমন্ডির সাতমসজিদ রোডের দৃশ্য রসনাতৃপ্তিতে যোগ করবে নতুন মাত্রা। খাবারের দাম ২০০-৪৫০ টাকা।
বনানীর রুফটপ রেস্টুরেন্টের মধ্যে অফ ট্র্যাক ক্যাফে অন্যতম। ১১ নম্বর সড়কের এই রেস্তোরাঁয় সন্ধ্যার পর থেকে গানের তালে তালে কফির চুমুক ভালোই লাগার কথা। নয়তলার ওপরে কাচের দেয়াল দিয়ে ঘেরা ক্যাফেতে বসে রাতের বনানী ভালোই চোখে পড়বে। দুজনের চার পদের খাবারের খরচ প্রায় দুই হাজার টাকা।
বারিধারার প্রগতি সরণির মারমেইড গ্যালারি ক্যাফে আটতলা ভবন পুরোটা জুড়ে। নবম তলায় ছাদে উঠলেই মারমেইড বিচ ক্যাফে। পায়ের নিচে শক্ত ইট-পাথর নয়, বরং রাখা হয়েছে বালু। সৈকতের অনুভূতি দিতে কক্সবাজার থেকে আনা হয়েছে এ বালু। খাবার টেবিলে বসতে হবে বালুতে পা ডুবিয়েই। সামুদ্রিক খাবার বলে পদ অনুসারে দাম নির্ভর করে। গড়পড়তা জনপ্রতি হাজার টাকা।
উত্তরার ৭ নম্বর সেক্টরে লেক ড্রাইভ রোডের রুফটপ রেস্তোরাঁ লেক টেরেস। ছয়তলার ছাদের এই রেস্তোরাঁয় একসঙ্গে ১০০ জন বসা যায়। এক পাশ খোলা, অন্য পাশে ছাউনি। ছাদ থেকে পাশের লেক বেশ পরিষ্কার দেখা যায়। সেই সূত্রেই রেস্তোরাঁর নামকরণ। খাবারের দাম শুরু ৩৫০ টাকা থেকে।
পান্থপথে বসুন্ধরা সিটি টাওয়ার কমপ্লেক্সে ক্যাপরিকর্ন’স স্কাই ওয়াচ রেস্টুরেন্টে আছে মার্বেল পাথরের নান্দনিক ভাস্কর্য। ছাদে বসে দূরদূরান্ত পর্যন্ত চোখে পড়ে ব্যস্ততম নগরজীবন। ৪০০ আসনবিশিষ্ট ক্যাপরিকর্ন’স স্কাই ওয়াচ রেস্টুরেন্টে সামাজিক অনুষ্ঠান আয়োজনেরও ব্যবস্থা আছে। দুপুরে বুফে জনপ্রতি ৪৯৫ ও রাতে ৬৯৫ টাকা।
বাংলামোটরের কাছে সোনারগাঁ রোডে সেভেন হিল রেস্তোরাঁ। তিন পাশে কাচের দেয়াল দেওয়া রেস্তোরাঁ দিয়ে চোখে পড়ে রাতের বেলায় জ্বলে ওঠা শহরের আলোকছটা।
পুরানা পল্টন এলাকায় বাইতুল টাওয়ারে আছে বার্ডস আই রেস্তোরাঁ। ঢাকা শহরের বিশাল অংশই এখান থেকে চোখে পড়ে। ঝড়-বৃষ্টি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ‘গ্লাস রুম’। সেখানে বসে শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশে খেতে খেতে উপভোগ করা যায় একই দৃশ্য। সেটমেনু শুরু ৩০০ টাকা থেকে।
রাজধানীর নতুন খাবারপাড়া খিলগাঁও তালতলার প্রথম রুফটপ রেস্তোরাঁ আল ফ্রেসকো। এই এলাকারই তরুণ চার বন্ধু মিলে শুরু করেছেন এই রেস্তোরাঁ। উদ্যোক্তাদের একজন মাহমুদুল হাসান বললেন, অন্য রেস্তোরাঁগুলো থেকে একটু ভিন্নতা আনতেই খোলা ছাদে রেস্তোরাঁর পরিকল্পনা।
ছাদের ওপরে খাবার আয়োজন বলে গাড়ির শব্দ, হকারের চিৎকার, রিকশার টুংটাং আর পথচলতি মানুষের কোলাহল থেকে নিমেষেই মুক্তি মেলে। তাই নাগরিক কোলাহলে ক্লান্ত মনকে শান্তির পরশ দিতে চাইলে যেতে পারেন ছাদ খোলা রেস্তোরাঁয়।