খেয়ে না-খেয়ে দিন যাচ্ছে বাবুলের পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা শাড়ি পরে বিছানায় শুয়ে আছেন মৃত বাবুল মাতবরের অন্তঃসত্ত্বা স্ত্রী লাকি বেগম। পাশে বসে খেলছে পাঁচ বছরের ছেলে জোনায়েদ। দুপুর পর্যন্ত তাঁদের মুখে কোনো দানাপানি পড়েনি। প্রতিবেশী একজন এক কেজি চাল আর কিছু ডাল দিয়েছেন। তাই দিয়ে পরিবারের সাত সদস্যের রান্নার আয়োজন করছেন বড় মেয়ে রোকসানা আক্তার।
মিরপুর গুদারাঘাট এইচ ব্লকের বস্তিতে চা-দোকানি বাবুল মাতবরের ভাড়া বাসা। গতকাল সোমবার দুপুরে সেখানে গেলে এ দৃশ্য দেখা যায়। সাংবাদিক পরিচয় পেয়ে ক্ষোভের সঙ্গে বাবুলের স্ত্রী বলেন, ‘আজ (গতকাল) ১১ দিন হলো আমার স্বামী পুলিশের আগুনে পুড়ে মরল। কেউ কোনো খোঁজ নিল না। কী খাই, কীভাবে চলে সংসার, কেউ জানতে চায় না। খেয়ে না-খেয়ে দিন যাচ্ছে। সাহায্য তো দূরে থাক, কেউ একবার বিচারের আশ্বাসও দিল না। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’ এসব বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
চাঁদা না দেওয়ায় ৩ ফেব্রুয়ারি চার পুলিশ সদস্যের উপস্থিতিতে বাবুলকে লাথি মেরে জ্বলন্ত চুলার ওপর ফেলে দেন পুলিশের শাহ আলী থানার সোর্স দেলোয়ার। গুরুতর দগ্ধ বাবুল ৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। আগুনে দগ্ধ হয়ে বাবুলের মৃত্যুর ঘটনায় করা মামলাটি এখন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছে। ইতিমধ্যেই দায়িত্বে অবহেলার দায়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পুলিশের মিরপুর বিভাগ। মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইতিমধ্যে ওই পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার করা হবে।
রোকসানা আক্তার প্রথম আলোকে জানান, তাঁর মা আট মাসের অন্তঃসত্ত্বা। এ ছাড়া রয়েছে কিডনির সমস্যা। প্রতিদিন তাঁর অনেক টাকার ওষুধ লাগে। দুই বেলা খাবার জোগাতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের। তাই নিয়মিত ওষুধ আর কেনা হয় না। রোকসানা বলেন, ‘বাবা বেঁচে থাকতে তিনিই সংসার চালাতেন। এখন বাবা না থাকায় সংসার চালানোর মতো কেউ নেই। বাবা যখন চায়ের দোকান খোলেন, তখন বড় ভাই রাজু ওই দোকানে বসত। এখন সে সুযোগও নেই। এখন রাজু রিকশা চালায়। রিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চলে না।’ ছোট ভাই জোনায়েদ হোসেনকে দেখিয়ে তিনি বলেন, ‘বাকিতে এক প্যাকেট গুঁড়া দুধ এনে ছোট ভাইকে খাইয়েছি। আমরা সবাই সকাল থেকে না খেয়ে আছি। পাশের বাড়ির একজন এক কেজি চাল ও কিছু ডাল দিয়েছেন। এইটা দিয়েই দুপুর চলবে। রাতে কী খাব, জানি না।’
এখন দোকান চালু করা হচ্ছে না কেন—জানতে চাইলে রোকসানা বলেন, ‘দোকান চালাতেও টাকা লাগে। দোকানে যখন আগুন লাগে, তখন দোকানে পাঁচ-সাত হাজার টাকার মালপত্র ছিল। কিন্তু পরে আমরা ছয় প্যাকেট সিগারেট, তিন বয়াম চকলেট ছাড়া আর কিছুই পাইনি। টাকার অভাবে দোকানটিও আর চালু করতে পারছি না।’ মামলার বিষয়ে জানতে চাইলে রোকসানা বলেন, ‘মামলায় কী হয়েছে, জানি না। আমরা বাবা হত্যার বিচার চাই। কিন্তু বিচার পাব বলে মনে হয় না। কারণ, আমরা তো আর টাকা ঢালতে পারব না।’