
যাত্রাবাড়ীর কুতুবখালী থেকে শনির আখড়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন লিংক রোডে পয়োনালা নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি চলছে তিন মাস ধরে। এতে এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেচাকেনা কমে গেছে সড়কসংলগ্ন দোকানগুলোতে।
স্থানীয় বাসিন্দারা বলেন, খোঁড়াখুঁড়ি করে সড়ককে খাল বানিয়ে ফেলা হয়েছে। এতে বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ীর কুতুবখালী খাল থেকে শনির আখড়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে লিংক রোড কেটে পয়োনালার নির্মাণকাজ চলছে। সড়কে জমে আছে ময়লা পানি। সড়কসংলগ্ন বাসাবাড়ি, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং হাসপাতালে যাওয়া-আসার জন্য বাঁশের মাচা ও সাঁকো তৈরি করা হয়েছে। এসব মাচা ও সাঁকোর ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে লোকজন। সড়কসংলগ্ন দোকানগুলোতে ক্রেতা নেই। অবসর সময় পার করছেন বিক্রেতারা।
সরেজমিনে দেখা যায়, দনিয়া কলেজের পশ্চিম পাশে পয়োনালার ওপরে ঢালাই দেওয়ার কাজ করছেন ১০-১২ জন নির্মাণশ্রমিক। এ ছাড়া দোলাইরপাড় ও ডেমরা রোডে চলছে খোঁড়াখুঁড়ি।
লিংক রোডে খোঁড়াখুঁড়ির কারণে স্টিল, লোহাসহ বিভিন্ন মালামাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালে রেখেছে মেসার্স নয়াগাঁও স্টিল করপোরেশন। প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলাম বলেন, সড়কে খোঁড়াখুঁড়ির পর থেকে মালামাল বাইরে রাখতে হয়। এভাবে অন্য দোকানিরাও মালামাল বাইরে রাখেন। তিনি বলেন, এই অবস্থার কারণে দোকানে বেচাকেনা অনেক কমে গেছে। তিনি অবিলম্বে পয়োনালা ও সড়ক সংস্কারের কাজ শেষ করার দাবি জানান।
গতকাল লিংক রোডে পেতে রাখা মাচার ওপর দিয়ে হেঁটে যেতে দেখা যায় বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবিদ হোসেনকে। সে বলে, মাচার ওপর দিয়ে হেঁটে বিদ্যালয়ে যেতে ভয় লাগে।
দনিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, লিংক রোডে খোঁড়াখুঁড়ির কারণে বৃষ্টি হলে কলেজের প্রধান ফটকের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কলেজের প্রায় সাত হাজার শিক্ষক-শিক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া এই জলাবদ্ধতার কারণে কলেজের পরিবেশও নোংরা হয়ে গেছে। তিনি আরও বলেন, লিংক রোডে ময়লা পানি থেকে উৎকট দুর্গন্ধ বের হয়। বৃষ্টি হলে ময়লা পানি কলেজের মাঠে ঢুকে যায়। দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে।
শনির আখড়ার বাসিন্দা মো. সালাউদ্দিন বলেন, এমনিতে সড়কে নর্দমার পানি জমে থাকে। তার মধ্যে বৃষ্টি হলে রাস্তায় পানি বেড়ে যায়। রাস্তায় হাঁটাচলার সময় সতর্ক থাকতে হয়। পা পিছলে যেকোনো সময় ময়লা পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তিনি বলেন, কম জনবল দিয়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানে। তার ওপর তাদের লোকজন নিয়মিত কাজ করেন না। এ কারণে নির্মাণকাজে গতি কম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)সূত্র জানায়, গত জানুয়ারিতে ওই এলাকায় পয়োনালা নির্মাণ ও লিংক রোড সংস্কারে ১৩০ কোটি টাকার কাজের দরপত্র চূড়ান্ত করা হয়। এরপর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের কাজ আগামী জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা।
এ ব্যাপারে বক্তব্য জানতে চেষ্টা করেও ঠিকাদারকে পাওয়া যায়নি।
জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পের তত্ত্বাবধায়ক কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রকল্পের কাজের মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। কাজটি শেষ হলে এই এলাকার নাগরিকেরা দীর্ঘমেয়াদি দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
এদিকে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দোলাইরপাড় ও ডেমরা রোডেও পয়োনালা নির্মাণের কাজ চলছে। তবে খোঁড়াখুঁড়ি কিছুটা পরিকল্পিত হওয়ায় এসব এলাকায় দুর্ভোগ কম।