খোকার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে করা একটি দুর্নীতির মামলা বাতিলের দাবিতে করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ফলে এ মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। আইনজীবীরা জানান, ২০০৬ সালে সিটি করপোরেশনের বিভিন্ন পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১০ সালে দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা সাদেক হোসেনসহ অন্যদের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলা বাতিলের দাবিতে সাদেক হোসেনসহ নয় কর্মকর্তার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২২ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। সেই সঙ্গে মামলার কার্যক্রম স্থগিত করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন। আদালতে সাদেক হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রুহুল কুদ্দুস। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আদালত রুল খারিজ করে রায় দিয়েছেন। ওই মামলায় ইতিপূর্বে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। ফলে সাদেক হোসেনসহ অন্যদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই। মামলাটি বর্তমানে তদন্ত পর্যায়ে আছে বলেও জানান তিনি। সাদেক হোসেনের আইনজীবী রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ওই মামলায় পাঁচজন কর কর্মকর্তার নিয়োগ, দুজন উপ-কর কর্মকর্তার পদোন্নতিসহ বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগে দুর্নীতির অভিযোগ আনা হয়। তবে দুজনের পদোন্নতিতে দুর্নীতি হয়নি এবং পাঁচজন নিয়োগে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় তদন্ত চলতে পারে বলে পর্যবেক্ষণ দিয়ে আবেদনটি খারিজ করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মক্কেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।