খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি খোন্দকার আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে বলেছেন, খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে দেশের গণতান্ত্রিক আন্দোলন এক পুরোধা ব্যক্তিকে হারিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের (ইআবা) আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও মহাসচিব ইউনুছ আহামাদ এক বিবৃতিতে বলেছেন, খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে জাতি একজন প্রবীণ রাজনীতিবিদ ও সাচ্চা দেশপ্রেমিককে হারাল।গতকাল বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সুবিধার্থে খোন্দকার দেলোয়ার হোসেনের মরদেহ আজ সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সকাল সাড়ে নয়টায় হাইকোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সাড়ে ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। বাদ জুমা জানাজা অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম মসজিদে। সব শেষে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তারপর নিজ বাড়ি মানিকগঞ্জের খিরাই পাচুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে খোন্দকার দেলোয়ারের দাফন সম্পন্ন হবে।খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ঢাকা জেলা শাখা জাতীয়তাবাদী দল, ন্যাপ ভাসানী, দেশরক্ষা আন্দোলন, নাগরিক ফোরাম, বাংলাদেশ তরিকত ফেডারেশন ও দৌলতপুর উপজেলা কল্যাণ সমিতি।