খোলা আকাশের নিচে বাঁশবাড়ী বস্তির মানুষ
মোহাম্মদপুরের বাঁশবাড়ী বস্তির সহস্রাধিক মানুষ নূরজাহান রোডের সোনালী মাঠে খোলা আকাশের নিচে গত বুধবার রাত কাটিয়েছে। গতকাল সকালে স্থানীয় কিছু বাসিন্দা উদ্যোগ নিয়ে হতভাগ্যদের খাবার দিয়ে গেলেও দুপুরের খাওয়া জোটেনি অনেকের কপালে। বাঁশবাড়ী বস্তিতে বুধবার রাতে আগুন লেগে ১৭৫টি বসতঘর ও ১১টি দোকান পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।বস্তির বাসিন্দা আয়েশা বেগম জানান, তাঁর পুড়ে যাওয়া টিনের ঘর ও ঘরের অন্যান্য লোহার আসবাবপত্রের অবশিষ্টাংশ ১৯ টাকা কেজিদরে ভাঙাড়ি দোকানে বিক্রি করে তিনি এক হাজার ৯০০ টাকা পেয়েছেন। এ টাকাই এখন তাঁর ভরসা।বস্তির আরেক বাসিন্দা শহীদুল জানান, সকালে কয়েকটি বেসরকারি সংস্থা এসে তাঁদের নাম তালিকাভুক্ত করে নিয়ে গেলেও বিকেল পর্যন্ত কোনো সাহায্য আসেনি। স্থানীয় জনপ্রতিনিধি জাহাঙ্গীর কবীর নানক ঘটনাস্থলে এলেও কোনো সাহায্য আসেনি।আয়েশা ও শহীদুলদের অভিযোগ, জমি দখলের জন্য কিছু প্রভাবশালী ব্যক্তি আগুন লাগিয়ে বস্তি পুড়িয়ে দিয়েছেন। তবে ফায়ার সার্ভিসের প্রতিবেদনে খোলা বাতি থেকে আগুনের সূত্রপাত বলে উল্লেখ করা হয়েছে।