খোলা ছিল শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল সোমবার খোলা ছিল। শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য দিনের চেয়ে কম হলেও তাদের নিয়েই ক্লাস হয়েছে। একই সঙ্গে দুর্বৃত্তদের হাতে নিহত শাহবাগ আন্দোলনের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার প্রতিবাদে ও তাঁর স্মরণে প্রজন্ম চত্বরের ডাকা কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেছেন, ‘এ দেশের নতুন প্রজন্ম স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের ডাকা হরতাল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই প্রথম কোনো হরতালে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা ছিল। ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে, ক্লাস হয়েছে।’শিক্ষামন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ দেশের শতাধিক সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকার কথা জেনেছেন। শিক্ষক-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীর উপস্থিতি কোনো প্রতিষ্ঠানে ৮০ শতাংশ, কোথাও তার থেকে কম। তবে ক্লাস হয়েছে।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয় না, সেগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরেজমিনে রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, উপস্থিতি কিছুটা কম হলেও ক্লাস হয়েছে। একই সঙ্গে কালো পতাকা উত্তোলন ও শিক্ষক-শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ করতে দেখা যায়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম প্রথম আলোকে বলেন, উপস্থিত শিক্ষার্থীদের নিয়েই ক্লাস হয়েছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, তাঁদের বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র থাকায় ক্লাস হয়নি। তবে বিদ্যালয় খোলা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই হয়েছে। বেলা ১১টার দিকে সচেতন শিক্ষকদের ব্যানারে কালো ব্যাজ পরে শিক্ষকেরা মৌন মিছিল বের করেন। পরে তাঁরা শাহবাগে গণজাগরণ মঞ্চে গিয়ে সংহতি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কালো ব্যাজ পরতে দেখা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ক্লাস হয়েছে। পুরান ঢাকার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ছিল। তবে আতঙ্কে বেসরকারি কিছু প্রতিষ্ঠানে ক্লাস হয়নি। শাহবাগের গণজাগরণ মঞ্চের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়েও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। কালো পতাকা উত্তোলনের সময় বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।