খোলা জায়গায় চেয়ার-টেবিল পেতে অফিস করলেন মেয়র আতিক

ভ্রাম্যমাণ অফিস করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাল দখলকারীদের উচ্ছেদ অভিযানের সময় খোলা জায়গায় চেয়ার-টেবিল পেতে ভ্রাম্যমাণ অফিস করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় তিনি এভাবে অফিস করেন।

ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা বলেন, অভিযানের কারণে গুরুত্বপূর্ণ ও জরুরি দাপ্তরিক কার্যক্রম যাতে থেমে না থাকে, সে জন্যই মেয়র ভ্রাম্যমাণ অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বেশ কিছু জরুরি ফাইল ও নথিতে সই করবেন।

বেলা সোয়া দুইটার দিকে বছিলার লাউতলা এলাকার মমতাজ মার্কেটের সামনে খোলা জায়গায় একটি টেবিল ও কিছু চেয়ার বসানো হয়। তখন পাশেই লাউতলা খালের অবৈধ দখলদার উচ্ছেদের কার্যক্রম চলছিল। চেয়ারে এসে বসেন মেয়র আতিকুল ইসলাম। পাশে বসেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। একপর্যায়ে মেয়র টেবিলে রাখা কিছু ফাইল যাচাই করে স্বাক্ষর করা শুরু করেন।

ভ্রাম্যমাণ অফিস নিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আজ সকাল থেকে খাল দখলকারীদের উচ্ছেদ অভিযান চলছে। আমি নিজে শুরু থেকে এ কার্যক্রমে উপস্থিত আছি।’ তিনি বলেন, শুক্র ও শনিবার দুদিন করপোরেশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। তাই আজ যাতে দাপ্তরিক কার্যক্রম বন্ধ না থাকে, সে কারণে ভ্রাম্যমাণ অফিস করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে জরুরি ও গুরুত্বপূর্ণ ফাইলের স্বাক্ষর করা হবে।

বেলা ১১টা থেকে বছিলা এলাকায় লাউতলা খাল উদ্ধারে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ। অভিযানে তিনতলাবিশিষ্ট মমতাজ মার্কেটের একাংশ, পাশে ব্যক্তিমালিকানাধীন চারতলা ভবনের একাংশ, ক্ষমতাসীন দলের নেতাদের পরিচালিত একটি কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চলছে।