খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খুচরা বাজারে খোলা সয়াবিন তেল ও সুপার পাম তেলের দাম বেড়েছে। বাজারভেদে গত সপ্তাহের তুলনায় লিটারপ্রতি তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে ভোজ্য তেলের দাম।
গতকাল শুক্রবার ঢাকার একাধিক খুচরা বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ৭৫ টাকা লিটার বিক্রি হওয়া সয়াবিন তেল ৭৮-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে সুপার পাম তেল লিটারপ্রতি ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ৬২-৬৫ টাকা ছিল।
কয়েকজন ব্যবসায়ী জানান, দেশের বিভিন্ন এলাকায় শীত শুরু হয়েছে। শীতে পাম তেল জমে যায়, আর সুপার পাম ঘোলা হয়ে যায়। এ কারণে ক্রেতারা এ সময় পাম তেল নিতে চান না। তাই পাম তেলের চাহিদা কমে গিয়ে খোলা সয়াবিনের চাহিদা বাড়িয়ে দিয়েছে। ফলে সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী।
তবে অধিকাংশ ব্যবসায়ী ভোজ্য তেলের দাম বৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারছেন না। চাহিদা কমে যাওয়ায় সুপার পাম তেলের দাম কমার কথা। কিন্তু খুচরা বাজারে এর দাম উল্টো বেড়েছে।
কারওয়ান বাজারের তেল ব্যবসায়ী নাহিদ উদ্দিন বলেন, গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা বাড়তি। সয়াবিন তেলের দাম বৃদ্ধির কারণে সুপার পামের দাম একটু বেড়েছে। তবে এটি খুবই সাময়িক। আগামী সপ্তাহে আবার এর দাম কমে যাবে।