খোলাবাজারে চাল অল্প, ক্রেতা অনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে ওএমএসের ট্রাকটি দাঁড়ানো। চাল নিতে আসা ক্রেতাদের সারি শেওড়াপাড়া ছাড়িয়ে তালতলা ছুঁই ছুঁই অবস্থা। কে আগে নেবে, তা নিয়ে ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা। একপর্যায়ে ধাক্কাধাক্কি-মারামারি। পেছনে যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ট্রাকে বসা ডিলার আকরামুল হোসেন ও তাঁর সহযোগীদের ক্রেতা সামলাতে নাস্তানাবুদ অবস্থা।বেলা সাড়ে তিনটার মধ্যে তিন টন চালের মজুদ শেষ। কিন্তু ক্রেতাদের সারি তখনো রয়ে গেছে। ডিলার তাঁর দলবল নিয়ে কোনোমতে এলাকা ছাড়লেন। সিরামিক এলাকা হিসেবে পরিচিত বাউনিয়া বাঁধ, কল্যাণপুর, ভাষাণটেক এলাকায় গিয়েও দেখা গেল একই চিত্র।গতকাল বৃহস্পতিবার রাজধানীতে নেমেছিল খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) ৯০টি ট্রাক। বেশির ভাগ ট্রাকের অবস্থা একই রকম। চাল কিনতে আসা ক্রেতাদের অনেকেই ফিরেছেন খালি হাতে। বেশির ভাগ ট্রাক বাসস্ট্যান্ড ও মূল সড়কে থাকায় সৃষ্টি হয়েছিল তীব্র যানজটের। অনেক জায়গায় চাল কিনতে আসা ক্রেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল ট্রাকের সংখ্যা ২০টি বাড়িয়ে ৯০টি করা হয়। আজ শুক্রবার ওএমএস বন্ধ থাকবে। রোববার থেকে রাজধানীসহ সারা দেশে চলবে এই চাল বিক্রির কার্যক্রম। রাজধানীতে ১০০, প্রতিটি জেলা সদরে নয় থেকে ১২ এবং উপজেলায় পাঁচজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ক্রেতাদের চাহিদা বাড়ায় রাজধানীতে ট্রাকপ্রতি চালের পরিমাণও তিন টন থেকে বাড়িয়ে চার টন করা হয়েছে। তবে জেলা ও উপজেলা পর্যায়ে ট্রাকপ্রতি এক টন করে চাল দেওয়া হয়েছে।খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে জানান, প্রতিটি এলাকাতেই ট্রাকের সামনে ভিড়ের পরিমাণ বেড়ে গেছে। অতিরিক্ত ভিড় হচ্ছে, এমন এলাকাগুলোতে ট্রাকে এক টন করে চাল বৃদ্ধি ও প্রয়োজনে দুটি ট্রাক নামানো হবে।রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ওএমএস ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি ট্রাকে তিন টন বা ৬০ বস্তা করে চাল দেওয়া হয়েছে। প্রতি কেজি ২৪ টাকা দরে মাথাপিছু পাঁচ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে। এতে একজন ডিলার সর্বোচ্চ ৬০০ জনের কাছে চাল বিক্রি করতে পারছেন। এক টন বাড়ানোর ফলে অতিরিক্ত ১০০ জনকে চাল দেওয়া সম্ভব হবে। কিন্তু বেশির ভাগ ট্রাকের সামনে প্রতিদিন এক হাজারের ওপরে ক্রেতা আসছেন চাল নিতে।মিরপুর বাউনিয়াবাঁধ-সংলগ্ন ট্রাকের ডিলার শাহ আলম জানান, হাজার দেড়েক লোক গতকাল চাল নিতে ট্রাকের সামনে ভিড় করেছিলেন। ফলে তাঁদের সামলাতে হিমশিম খেতে হয়েছে। বাজারের সবচেয়ে কম দামি মোটা চালের সঙ্গে ওএমএসের চালের দামের পার্থক্য প্রায় ১০ টাকা—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ফলে আগে কখনো যে ধরনের মানুষকে চাল কিনতে আসতে দেখা যেত না, তাঁদের ট্রাকের সামনে সারি ধরে দাঁড়াতে দেখা যাচ্ছে।বাউনিয়াবাঁধ এলাকার ওএমএসের চাল বিক্রি তদারকির দায়িত্বপ্রাপ্ত খাদ্য পরিদর্শক শামিম আহমেদ বলেন, চাল কিনতে আসা মানুষের অতিরিক্ত ভিড় ও বিকেলের আগে চাল শেষ হয়ে যাওয়ার বিষয়টি উচ্চমহলে জানানো হয়েছে। ভিড়ের কারণে হাতাহাতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, যাঁরা চাল কিনতে পারছেন না, তাঁদের পরের দিন আসার জন্য বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে বাজারে এখন প্রতি কেজি মোটা চালের দাম ৩৪ থেকে ৩৬ টাকা, মাঝারি ৩৮ থেকে ৪১ এবং চিকন চাল ৪২ থেকে ৫০ টাকা। গত এক মাসে মোটা চালের দাম বেড়েছে ছয় শতাংশের ওপরে। এক বছরে বেড়েছে ৩২ শতাংশ।