খোলাবাজারে চাল বিক্রি শনিবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও সাভার এলাকায় আগামী শনিবার থেকে ট্রাকে করে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হচ্ছে। প্রতি কেজি চাল পাওয়া যাবে ২৪ টাকা দরে। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার জানানো হয়েছে, শুক্রবার ও মঙ্গলবার ছাড়া সপ্তাহের পাঁচ দিন ওএমএস কার্যক্রম চলবে। একজন ক্রেতা প্রতিদিন পাঁচ কেজি করে চাল কিনতে পারবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে।প্রতিটি ট্রাকে প্রতিদিন তিন টন করে চাল বিক্রি করা হবে। এ ছাড়া আগামী জানুয়ারি থেকে সারা দেশে প্রায় ১১ লাখ ২০ হাজার ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রত্যেক কার্ডধারী ২৪ টাকা দরে একসঙ্গে ২০ কেজি চাল কিনতে পারবে। খাদ্য মন্ত্রণালয় বলেছে, দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন যাতে কম মূল্যে চাল কিনতে পারে, সে জন্য সরকার এ কর্মসূচি নিয়েছে। ওএমএস ও ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে চাল বিক্রি কার্যক্রমে যাতে কোনো অনিয়ম না হয় সে জন্য এলাকা ভাগ করে মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর থেকে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে।