খোলাবাজারের চাল কিনতে মানুষের দীর্ঘ সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের পীরেরবাগের রাহেলা আক্তার সেখানকার একটি বাসায় কাজ করেন। সকালের বেশির ভাগ সময় কাটে শেওড়াপাড়ায় খোলাবাজারে (ওএমএস) চাল কেনার সারিতে। রাহেলা জানান, কয়েক দিন ধরে ভোর থেকে চাল কেনার সারিতে দাঁড়াতে হচ্ছে। কারণ, প্রতিদিনই ক্রেতাদের ভিড় বাড়ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ও তেজগাঁও এলাকায় গিয়ে সকাল থেকেই ওএমএসের চাল বিক্রির ট্রাকের সামনে স্বল্প আয়ের মানুষের লম্বা সারি দেখা গেছে।ক্রেতারা বলেন, ভোর থেকেই তাঁরা চাল কিনতে সারিতে দাঁড়াচ্ছেন। মানুষ বেশি হওয়ায় অনেকেরই চাল পেতে পুরো এক বেলা লেগে যাচ্ছে। ২৪ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি পর্যন্ত চাল কেনা যাচ্ছে। বেশির ভাগ এলাকায় ওএমএসের ডিলাররা সকাল ১০টায় চাল বিক্রি শুরু করছেন। দুপুরের মধ্যে চাল বিক্রি শেষ হয়ে যাচ্ছে।ক্রেতাদের চাপ বেশি এমন এলাকায় একাধিক ট্রাকের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন কাজীপাড়ার রিকশাচালক আবুল হোসেন। তিনি বলেন, বাজারে এক কেজি চাল ৩৪ থেকে ৩৫ টাকা, এখান থেকে চাল কিনলে পাঁচ কেজিতে ৫০ টাকা বেচে যায়। তাই সময় বেশি লাগলেও সারিতে দাঁড়িয়ে চাল কেনেন তিনি। আবুলের মতো একই মত দিলেন তাঁর সঙ্গে দাঁড়ানো আরও কয়েকজন।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রাজধানীতে ১৫০টি ট্রাকের প্রতিটিতে তিন মেট্রিক টন করে চাল বিক্রির জন্য দেওয়া হয়। এর মধ্যে ৬১টি ট্রাকে এক মেট্রিক টন করে আটা দেওয়া হয়েছে। প্রতি কেজি আটা ২০ টাকা দরে বিক্রি করছে খাদ্য বিভাগ। জানতে চাইলে খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, বাড়তি চাহিদার কথা বিবেচনা করে চাল বিক্রির ট্রাকের সংখ্যা বাড়ানো হয়েছে। রমজান মাসের আগে চাহিদা বাড়লে ওএমএসের কার্যক্রম আরও বাড়ানোর প্রস্তুতি রয়েছে।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি গুদামে ছয় লাখ ৯০ হাজার মেট্রিক টন চাল ও দুই লাখ ৭৪ হাজার মেট্রিক টন গম রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরে জাহাজে খালাসের অপেক্ষায় আছে এক লাখ ৩০ হাজার টন চাল ও গম।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতি কেজি মোটা চালের দর ৩২ থেকে ৩৩ টাকা। চিকন চাল ৩৮ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত এক মাসে মোটা চাল সোয়া ৩ শতাংশ এবং চিকন চাল সাড়ে ৩ শতাংশ বেড়েছে।