দেশের বর্তমান উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে বলির পাঁঠা হচ্ছে সুশাসন, গণতন্ত্র ও সত্য। এক ভয়াবহ অনিশ্চয়তা ও অস্থিরতার আবর্তে ঘুরপাক খাচ্ছে রাজনীতি। দুটি প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সম্পর্কের মাত্রা এখন হিমাঙ্কের নিচে।‘সুশাসন ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় গতকাল সোমবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ওবায়দুল কাদের এসব কথা বলেন। জনতার প্রত্যাশা নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।ওবায়দুল কাদের বলেন, বাস্তুহারা ও ভূমিহীনদের চোখের জলের হিসাব নেওয়ার কেউ নেই। এদের বেলায় আইনগত, মানবিক ও রাজনৈতিক দিক উপেক্ষিত হয়। কারণ এরা সাধারণ। আসাধারণ হলে আইনের প্রশ্ন উঠত, রাজপথে নিষ্পত্তির প্রশ্ন আসত। ফুলবাড়ী-কানসাটে স্বজনহারাদের কান্না কেউ শোনেনি।বিরোধী দলের সর্বাত্মক আন্দোলনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন মানেই কম খরচের হরতাল। এতে পরিশ্রমও কম। নেতারা ঘরে আরামের বিছানায় শুয়ে থাকেন। জনগণও কর্মহীন হয়ে বসে থাকতে বাধ্য হয়। আসলে ভালোবেসে কেউ হরতাল করে না। তারা ভয়েই গাড়ি বের করে না, দোকানপাট খোলে না। হরতালের কারণে এযাবৎ কোনো নির্বাচিত সরকারের পতন ঘটেনি।জনতার প্রত্যাশার আহ্বায়ক এম এ করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আকরাম হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।