গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি কিংবা রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে নারীরা অনেক বেশি বৈষম্যের শিকার। যেসব নারী রাজনীতিতে আছেন, তাঁদের একটি বড় অংশই ক্ষমতাহীন। কিন্তু নারীর সক্রিয় অংশগ্রহণ ও ক্ষমতায়ন ছাড়া কখনোই একটি দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই দেশে দেশে নারীর ক্ষমতায়ন জরুরি।‘নারীবান্ধব গণতান্ত্রিক সুশাসনের প্রয়াস’ শীর্ষক জাতীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। সাউথ এশিয়া পার্টনারশিপ (এসএপি) বাংলাদেশ ও এসএপি ইন্টারন্যাশনাল যৌথভাবে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গতকাল রোববার দুই দিনের এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল ‘নারীবান্ধব গণতান্ত্রিক সুশাসন’।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, সংসদ বা স্থানীয় সরকারে কেবল সংখ্যা বাড়িয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। সত্যিকার অধিকার আদায়ের জন্য তাঁদের ক্ষমতায়ন জরুরি। আর এ জন্য সভা-সেমিনার করে লাভ নেই। সব নারীকে সংঘবদ্ধ হতে হবে। এ ক্ষেত্রে কোনো দলীয় বিভক্তি থাকলে চলবে না।কর্মশালায় এএসপি ইন্ট্যারন্যাশনালের নির্বাহী পরিচালক রোহিত কুমার নেপালি বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশে নারীরা বৈষম্য ও অবহেলার শিকার। এখানে নারীর সাম্যের জন্য অনেক আইন থাকলেও বাস্তবায়ন নেই।কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা শিরীন আখতার বলেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে নারীরা কেমন আছেন, সে ব্যাপারে একটি গবেষণা হওয়া জরুরি। নারীর ক্ষমতায়নের জন্য কেবল রাজনৈতিক সংগঠনই নয়, সব ধরনের সংগঠনে এক-তৃতীয়াংশ নারী রাখা জরুরি বলে মনে করেন তিনি।বেসরকারি সংস্থা নিজেরা করির সমন্বয়ক খুশী কবির বলেন, নারী জনপ্রতিনিধিদের ক্ষমতা দিলে তাঁরা নারী নির্যাতন বন্ধসহ অনেক কিছুতে ভূমিকা রাখতে পারতেন।সাংসদ নিলুফার চৌধুরী বলেন, নির্বাচন কমিশন দলীয় পদে ৩৩ শতাংশ নারী রাখার যে বিধান করেছে, তার বাস্তবায়ন জরুরি। আর নারীদের জন্য সংরক্ষিত আসন না রেখে সরাসরি নির্বাচনের বিধান রাখা উচিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রণব কুমার পান্ডে বলেন, ‘ঘরে গিয়ে আমরা যদি আমাদের স্ত্রী বা কন্যার ক্ষমতায়ন না করতে পারি, তাহলে সমাজ বা রাষ্ট্রে কীভাবে তাদের ক্ষমতায়ন হবে?’