দেশে গণতান্ত্রিক শাসনের ছদ্মাবরণে সাংবাদিক নিপীড়ন চলছে বলে জাতীয় প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় অভিযোগ করা হয়েছে। সভায় মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে গণমাধ্যমে পেশাগত অধিকার প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়।গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সভার প্রস্তাবে বলা হয়, সংবিধানের পঞ্চম সংশোধনীর একটি ধারায় সংবিধানের সমালোচনা করা যাবে না বলে একটি অনুচ্ছেদ সংযোজিত হয়েছে। এটা মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায়। অবিলম্বে এ ধারা প্রত্যাহার করতে হবে। অপর এক প্রস্তাবে সম্প্রচারমাধ্যমের জন্য তৈরি করা খসড়া নীতিমালা প্রত্যাখ্যান করা হয়।সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন বলেন, গণতন্ত্রের মূল শিক্ষা হচ্ছে অন্যের মতকে গুরুত্ব দেওয়া এবং সহিষ্ণু হওয়া। বর্তমানে সংঘাত ও হানাহানির মতো পরিস্থিতিতে দেশের জনগণ উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। রাজনীতির সব ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সহিষ্ণুতার উদাহরণ সৃষ্টি করতে হবে।নিজেদের অস্তিত্বের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, নানামুখী অপশক্তি বরাবরই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করতে তৎপর থেকেছে। সব অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।সভায় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, আমানুল্লাহ কবীর, শওকত মাহমুদ, রুহুল আমীন গাজী, এম শাহজাহান মিয়া, এরশাদ মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি।