গণপরিবহনে ধূমপান জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে। বাসের চালক ধূমপান করেন যাত্রীর কথা চিন্তা না করেই। আবার যাত্রীদের অনেকে সহযাত্রীদের সুবিধা-অসুবিধা বিবেচনায় না নিয়েই চলন্ত বাসে সিগারেটে আগুন দেন। কিন্তু এ ব্যাপারে আইনের প্রয়োগ এবং জনসচেতনতা বাড়ানোরও কোনো উদ্যোগ নেই।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ, বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ডব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে এ ব্যাপারে গণসচেতনতা তৈরির একটি উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গত শনিবার বিআরটিএ মিলনায়তনে ‘গণপরিবহন ধূমপানমুক্ত রাখার প্রয়োজনীয়তা ও করনীয়’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে তারা।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ধূমপান বা তামাক সেবন না করেও শুধু পরোক্ষ ধূমপানের কারণে পৃথিবীতে প্রতিবছর ছয় লাখ মানুষ মারা যাচ্ছে। তাই পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে অধূমপায়ীদের রক্ষা করতে বিআরটিএ গণপরিবহন ধূমপানমুক্ত রাখার উদ্যোগ গ্রহণ করবে। এ ছাড়া যানবাহনে ধূমপানবিরোধী প্রতীক সাঁটানো বাধ্যতামূলক করা হবে। সেমিনারে ঘোষণা করা হয়, এটা না করলে কোনো যানবাহনকে ‘ফিটনেস’ সনদ দেওয়া হবে না। সেমিনারে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান বলেন, ‘আইন অনুযায়ী গণপরিবহনগুলো ধূমপানমুক্ত। কিন্তু অভিযোগ আছে, চালকেরা যানবাহনে ধূমপান করেন। তাই যানবাহনে চালকদেরকে ধূমপান থেকে বিরত রাখতে তাঁদের প্রশিক্ষণে তামাক ও মাদক সেবনের ক্ষতিকর বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে।’বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের কারণে ৬০ শতাংশ নারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরোক্ষ ধূমপান শিশুদের কানপচা রোগ ও হাঁপানি বাড়িয়ে দেয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পুলিশের ক্ষমতা সীমিত। তবু পুলিশ দায়বদ্ধতা থেকেই কাজ করে যাচ্ছে। তবে কার্যকরভাবে এ আইন বাস্তবায়নে পুলিশকে আরও ক্ষমতা দেওয়া দরকার।সরকার পাবলিক প্লেসে ধূমপান করলে ৫০ টাকা জরিমানার বিধান রেখে আইন প্রণয়ন করে। আইন প্রণয়নের পর পুলিশের তৎপরতার কারণে প্রকাশ্যে ধূমপান অনেকটা কমে যায়। কিন্তু আইনের দুর্বলতার কারণে মাসখানেক পার না হতেই এর প্রয়োগ কমে যায়। বিআরটিএর চেয়ারম্যান মো. আইয়ুবুর রহমান খান বলেন, ধূমপান শুধু মাদক সেবনের প্রবেশপথই নয়, এটি দুর্নীতিরও প্রবেশপথ। তাই বিআরটিএর অধীন সব বাস, টেম্পোসহ অন্য যানবাহনকে ধূমপানমুক্ত রাখতে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে।সেমিনারে আরও বক্তব্য দেন বিআরটিএর পরিচালক (বাস্তবায়ন) তপন কুমার নাথ, বাংলাদেশ তামাকবিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ, ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী আমিনুল ইসলাম। যানবাহনের মালিক-চালক, বিআরটিএসহ যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডিএমপি কর্মকর্তা, বাংলাদেশ তামাকবিরোধী জোটের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।