গণপরিবহনের দাবিতে বিমানবন্দর এলাকায় জনতার সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের মহাসমাবেশকে কেন্দ্র করে পরিবহন-সংকটের কারণে গতকাল সোমবার সকালে বিক্ষুব্ধ পথচারীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সড়ক অবরোধ করে। প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় অফিসগামী মানুষ ও বিদেশযাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। বেলা সাড়ে ১১টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। প্র্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকালে বিমানবন্দর এলাকা থেকে অফিসগামী বহু মানুষ গন্তব্যে যাওয়ার কোনো ব্যবস্থা না পেয়ে হঠাৎ বিক্ষুব্ধ হয়ে ওঠে। কয়েক শ মানুষ রাস্তায় বাসের দাবিতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে বেলা সাড়ে ১০টার দিকে অবরোধকারীরা রাস্তার ওপর বসে পড়ে। এ সময় বিমানবন্দরের সামনের সড়ক অবরোধ করে রাখা হয়। অবরোধকারীরা নির্বিঘ্নে অফিসে যাওয়ার জন্য বাস চালুর দাবি জানায়। অবরোধের ফলে সড়কের উভয় পাশে প্রাইভেটকারসহ বহু যানবাহন আটকা পড়ে। উত্তরে গাজীপুর চৌরাস্তা থেকে দক্ষিণে বিশ্বরোড পর্যন্ত সড়কে লেগে যায় দীর্ঘ যানজট। অবরোধকারীদের একজন নাজমুন নাহার বলেন, ‘অফিসে যাওয়ার জন্য কোনো যানবাহন না পেয়ে আমরা সড়কে বসে পড়েছি। আমরা অফিসে যেতে না পারলে বড়লোকেরাও যেতে পারবে না। সরকার গাড়ি চলাচলের সুযোগ করে দিলে আমরাও রাস্তা ছেড়ে দেব।’বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন সালেহ আহমেদ প্রথম আলোকে বলেন, সেই অর্থে অবরোধ হয়নি। সকালে কিছুটা বিশৃঙ্খলা হলেও কিছুক্ষণের মধ্যে অবস্থা স্বাভাবিক হয়। সকালেযাত্রীরা বাস পাচ্ছিল না। একটি বাস এলে সবাই হুড়মুড়িয়ে সে বাসে উঠতে চাইলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিমানবন্দর থেকে মতিঝিলে অফিসগামী সাইফুল ইসলাম জানান, মহাসমাবেশের কারণে সোমবার সকাল থেকেই বিমানবন্দর এলাকায় ছিল ভিন্ন চিত্র। বিমানবন্দর থেকে গুলিস্তান, মতিঝিল, ফার্মগেট, মহাখালী, সায়েদাবাদগামী বাসের সংখ্যা ছিল অনেক কম। ভোরে কিছু বাস চললেও বেলা বাড়ার সঙ্গে বাসের সংখ্যা কমে যায়। ভোগান্তির শিকার বহু মানুষ বাস না পেয়ে সিএনজি, প্রাইভেটকারসহ অন্যান্য উপায়ে অফিসে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অনেকের পক্ষেই গন্তব্যে যাওয়া সম্ভব হয়নি।উত্তরার একটি বেসরকারি সংস্থায় কর্মরত তাসলিমা আকতার জানান, সকাল নয়টার মধ্যেই বিমানবন্দরের সামনের সড়কের দুই ধারের বাসস্ট্যান্ডে বহু মানুষের ভিড় জমে যায়। স্বাভাবিক সময়ে অনেক বাস থাকলেও সোমবার বাস-সংকটের কারণে যাত্রীরা ভোগান্তির মুখে পড়ে। উত্তরা, আবদুল্লাহপুর, টঙ্গীসহ আশপাশের এলাকার অফিসমুখী মানুষ কোনোভাবে রিকশায় কিংবা পায়ে হেঁটে যেতে পারলেও দূরের যাত্রীরা সে সুযোগ পায়নি। সিএনজি কিংবা মাইক্রোবাসে যাওয়ার জন্য যাত্রীদের কয়েক গুণ ভাড়া গুনতে হয়েছে।