‘কুন পোস্টে চাকরি চান?’ কেউ চাকরির কথা বললে এভাবেই প্রথম প্রশ্নটা ছুড়ে দিতেন শাখাওয়াত মৃধা (৫২)। অথচ তিনি নিজেই গণপূর্ত অধিদপ্তরের অস্থায়ী (মাস্টাররোল) কর্মী। তবে গণপূর্ত কর্মচারী সমিতির মহাসচিব বলে কথা! গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন স্থায়ী পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজন যুবকের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন—এ অভিযোগে গত মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শাখাওয়াতের কাছ থেকে কয়েকটি ভুয়া নিয়োগপত্র, চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত, টাকার অঙ্ক, পাশে চাকরিপ্রার্থীদের নাম লেখা তালিকা ও অন্যান্য কাগজ উদ্ধার করা হয়েছে।গতকাল বুধবার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শাখাওয়াতকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। প্রতারিত কয়েকজন যুবকও ছিলেন সেখানে।সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম জানান, বিভিন্নজনের অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার রাত তিনটার দিকে সহকারী কমিশনার শহীদুল্লাহর নেতৃত্বে একটি দল গণপূর্ত স্টাফ কোয়ার্টার থেকে তাঁকে গ্রেপ্তার করে। চাকরি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে তিনি কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এর সঙ্গে আরও কয়েকজন কর্মচারী জড়িত রয়েছেন বলে জানা গেছে। এখন তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।তবে শাখাওয়াত মৃধা এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি বিভিন্নজনকে সাহায্য করতেন মাত্র। কাউকে তিনি চাকরি দেওয়ার কথা বলেননি।এদিকে ভুক্তভোগী তিন যুবক জানান, চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিয়নসহ বিভিন্ন কারিগরি পদে চাকরির কথা বলে তাঁদের কাছ থেকে দেড় থেকে দুই লাখ টাকা করে নিয়েছিলেন শাখাওয়াত। আড়াই থেকে তিন বছর ধরে ঘুরিয়েও তিনি কাউকেই চাকরি দিচ্ছেন না।