গণপূর্ত মন্ত্রণালয়ের বেহাত সম্পত্তির দখল বুঝে নিতে স্থায়ী কমিটির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বেহাত হওয়া সম্পত্তির দখল বুঝে নিয়ে সেগুলো সরকারি কাজে ব্যবহার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম সভায় এ সুপারিশ করা হয়।সভায় গত দুই বছরে গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে বিভিন্ন সমিতি ও প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া জমি নিয়ে আলোচনা হয়। রাজধানীর মিরপুরে ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি) এবং দি মার্কস ইএনটি ক্লিনিক অ্যান্ড জেনারেল হাসপাতালের নামে বরাদ্দ দেওয়া জমির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিটির আগামী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়।এ ছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে সারা দেশে যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলোর তালিকা গতকালের সভায় উপস্থাপন করা হয় এবং প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সভায় ঢাকা শহরে অব্যাহত জনসংখ্যার চাপ কমানোর লক্ষ্যে বিভিন্ন জেলায় চলমান ফ্ল্যাট নির্মাণ প্রকল্প, প্লট উন্নয়ন প্রকল্প এবং স্যাটেলাইট টাউন নির্মাণ প্রকল্পের কার্যক্রম জোরদার করার সুপারিশ করা হয়।এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, নূর-ই-আলম চৌধুরী, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঞা, লুৎফুর রহমান, নসরুল হামিদ, এনামুল হক ও সাফিয়া খাতুন ছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার শওকত হোসেন, রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।