বঙ্গোপসাগরে মার্কিন সপ্তম নৌবহরের ‘ঘাঁটি স্থাপনের পাঁয়তারা’র প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বাম সংগঠন। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত বিবৃতিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন সংগঠনের নেতারা। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তাঁরা।নেতারা বলেন, একদিকে সরকার বলছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোনো নৌঘাঁটি হচ্ছে না, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির উপস্থিতিতে সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংগ্রিলা সংলাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা এশিয়ায় নৌশক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তাহলে কোনটা বিশ্বাসযাগ্য? মার্কিন ঘাঁটি স্থাপনের প্রতিবাদে বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণসংহতি আন্দোলন। বিকেল পাঁচটায় সমাবেশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এ ছাড়া গতকাল জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট বৈঠক করেছে। তারা এর বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান জানিয়েছে।