গণবিরোধী বিল চাপিয়ে না দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের চলতি অধিবেশনে সংখ্যালঘু স্বার্থবান্ধব সংশোধনী আইন প্রণয়ন করে অনতিবিলম্বে ২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ঐক্য পরিষদ এই দাবি জানায়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা আশা প্রকাশ করে বলেন, সংশোধনের নামে কোনো প্রকার গণবিরোধী বিল মহাজোট সরকার চাপিয়ে দেবে না। চাপিয়ে দিলে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী তা প্রত্যাখ্যান করবে। তাঁরা বলেন, চাপিয়ে দেওয়ার ফল শুভ হবে না। ঐক্য পরিষদের আহ্বানে গতকাল সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি এ কর্মসূচির সঙ্গে সংহতি জ্ঞাপন করে। মানববন্ধন শেষে একই দাবিতে আগামী ১৯ নভেম্বর সারা দেশে সভা-সমাবেশ ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করার কর্মসূচি ঘোষিত হয়। মানববন্ধনে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্ত, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ, সহসভাপতি কাজল দেবনাথ, বাসুদেব ধর, জে এল ভৌমিক প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।