ছাত্র নির্যাতনের অভিযোগ ওঠার পর রাজধানীর গণভবন সরকারি উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলামকে হবিগঞ্জের কানাইঘাটের একটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে।একই সঙ্গে ওই ঘটনা তদন্তে ঢাকার জেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সামাদের নেতৃত্বে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এই সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাউশির মহাপরিচালক নোমান উর রশীদকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।জানতে চাইলে মাউশির মহাপরিচালক অভিযুক্ত শিক্ষক মো. রফিকুল ইসলামকে বদলি এবং তদন্ত কমিটি গঠনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।উল্লেখ্য, গত শনিবার গণভবন সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রকে একই বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম মারধর করেন বলে অভিযোগ ওঠে। মারধরে আহত ওই শিক্ষার্থীকে পরে হাসপাতালেও নেওয়া হয় বলে জানা গেছে।