বাংলাদেশের গণমাধ্যম এখন এক অস্থির সময় অতিক্রম করছে। নিত্যনতুন খবরের কাগজ, টিভি চ্যানেল আসছে। ব্যবসায়ীরা প্রচুর অর্থ বিনিয়োগ করছেন। সংবাদকর্মীরা আর্থিক লাভের আশায় জায়গা পরিবর্তন করছেন। কিন্তু সব কাগজ কিংবা টিভি চ্যানেল গ্রহণযোগ্যতা পাচ্ছে না। ফলে কিছু দিন যেতে না যেতেই বিপাকে পড়ছেন সংবাদকর্মীরা। ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতির বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তারা সংবাদকর্মী ছাঁটাই, টিভি চ্যানেল বন্ধ হয়ে যাওয়া, বেতন বকেয়া আদায় ইত্যাদি সমস্যা মোকাবিলায় সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, অনেক ব্যবসায়ী সাময়িকভাবে সংবাদকর্মীদের প্রচুর বেতন ও সুযোগ-সুবিধা দিচ্ছেন। তাঁদের অনেকেই কালো টাকা সাদা করতে, ভূমিদস্যুতা গোপন রাখতে, কর ফাঁকি দিতে গণমাধ্যমকে ব্যবহার করছেন। সাংবাদিকেরা যেন তাঁদের অস্ত্র হিসেবে ব্যবহার না হন। সাংবাদিক আতাউস সামাদ গণমাধ্যমের বিভিন্ন সমস্যা কাটিয়ে উঠতে সাংবাদিক প্রতিনিধিদের ঘন ঘন আলোচনায় বসার পরামর্শ দেন। তিনি বলেন, সাংবাদিকদের একাধিক সংগঠন থাকায় মজুরি নিয়ে শক্তভাবে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা সম্ভব হচ্ছে না। অন্যানের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) নেতা রুহুল আমিন গাজী ও ডিএসইসির সাবেক সভাপতি হুমায়ূন সাদেক চৌধুরী।আলোচকেরা বলেন, নিয়ম না মানলে বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিশন চ্যানেল বন্ধ করে দেয়, কিন্তু বেতন বকেয়া থাকলে কোনো মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয় না।সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলের সভাপতি মুকুল তালুকদার ও সাধারণ সম্পাদক সুমন ইসলাম।