গণতন্ত্র ও আইনের শাসনের বিষয়ে কমনওয়েলথের নীতিগুলো বাংলাদেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা প্রকারান্তরে বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষায় অনুপ্রেরণা জুগিয়েছে। জনগণের স্বার্থে গণতন্ত্রকে অর্থবহ করতে গণমাধ্যমকে আরও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীতে কমনওয়েলথ সনদের ওপর আলোচনায় বক্তারা এ অভিমত দিয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস—বিস) এ আলোচনার আয়োজন করে। বিস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ। আলোচনা পর্বে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির লিখিত বক্তৃতা পড়ে শোনান বিসের গবেষণা পরিচালক শাহীন আফরোজ। পররাষ্ট্রমন্ত্রী তাঁর লিখিত বক্তৃতায় বলেন, সদ্য গৃহীত কমনওয়েলথের ১৬ দফার সনদ বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এসব আদর্শকে বাস্তবে রূপ দিতে সমাজের সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে কমনওয়েলথের আত্মিক সম্পর্ক রয়েছে। কারণ, কমনওয়েলথ গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, আইনের শাসন ও ব্যক্তিস্বাধীনতার মূল্য দিয়ে থাকে, যা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক জগ্লুল আহেমদ চৌধূরী বলেন, সদস্যদেশগুলোতে গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কমনওয়েলথ। এই জোটের সদস্যভুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনগণের কল্যাণে গণতন্ত্রকে আরও অর্থবহ করতে অনুঘটকের ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক কূটনীতিক হারুনুর রশীদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারিক আহসান প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদুল হক। আলোচনার শুরুতে কমনওয়েলথের সম্প্রতি গৃহীত সনদটি পড়ে শোনান বিসের গবেষক আশিক রহমান। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে কমনওয়েলথের ১৬টি মূলনীতি সমন্বিত সম-অধিকারের সনদটি গৃহীত হয়। ১১ মার্চ ওই সনদে সই করেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। সম্প্রতি গৃহীত কমনওয়েলথের ওই সনদে গণতন্ত্র সুরক্ষা ও বিকাশ, মানবাধিকার, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, সহনশীলতা, শ্রদ্ধা, মত প্রকাশের অধিকার এবং আইনের শাসনের প্রতি সংস্থার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।