গণমাধ্যমকে আরও সচেতন হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত সমঝোতার আলোচনায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো সমঝোতার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে। মতামত নিচ্ছে। দেশের এই গুরুত্বের কথা বিবেচনা করে গণমাধ্যমকে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত নীতি ও কৌশল নিয়ে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের (যাত্রী) সম্মেলন কক্ষে ‘রোল অব মিডিয়া ইন ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন’ বিষয়ে অনুষ্ঠিত এক বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত এসব কথা বলেছেন। চলতি মাসের ২৯ তারিখ থেকে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তনসংক্রান্ত ‘কনফারেন্স অব দ্য পার্টিস’কে (সিওপি-১৬) সামনে রেখে যাত্রী বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য এই বক্তৃতার আয়োজন করে।আইনুন নিশাত কোপেনহেগেন সম্মেলনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন কানকুনে বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা যেসব বিষয়ের ওপর দৃষ্টি দিতে পারেন, তার ওপর আলোকপাত করেন।আইনুন নিশাত বলেন, সম্মেলনে বিভিন্ন দেশের আলোচক, ফোরাম ও গ্রুপ সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা থাকলে যথাযথ প্রতিবেদন তৈরি করা সহজ হয়। তিনি জানান, এ ধরনের সম্মেলনে সরকারি, বেসরকারি, সাংবাদিক, জাতিসংঘের কর্মী ও প্রতিনিধিদের জন্য আলাদা পরিচয়পত্র দেওয়া হয়। সব দলের আলোচনায় সাংবাদিকেরা প্রবেশাধিকার পান না। বাংলাদেশের সমঝোতাকারীরা দিনের শুরুতে এবং শেষে এক জায়গায় মিলিত হন। তাঁদের সভাস্থল সম্পর্কে পূর্বধারণা থাকলে সহজেই অনেক তথ্য সংগ্রহ করা সম্ভব। আইনুন নিশাত আরও বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ইস্যুতে কোনো ভুলের জন্য অপরকে দোষী সাব্যস্ত না করে সমস্যা সমাধানের ওপর জোর দেওয়া প্রয়োজন। ফোরাম অব এনভায়রনমেন্টাল জার্নালিস্টস অব বাংলাদেশের (এফইজেবি) সভাপতি কামরুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশে অনেক বিষয়ে দীর্ঘমেয়াদি গবেষণা হলেও জলবায়ু ইস্যুতে গুরুত্বপূর্ণ গবেষণা হয়নি। ধ্রুপদী গবেষণা ছাড়া চকিত কোনো গবেষণার মাধ্যমে জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত প্রকৃত চিত্রগুলো উঠে আসবে না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যাত্রীর প্রধান জামিল আহমেদ।