গণমাধ্যমে যক্ষ্মাবিষয়ক তথ্য প্রচারের আহ্বান
গণমাধ্যমকে স্বতঃপ্রণোদিত হয়ে যক্ষ্মাবিষয়ক তথ্য প্রচার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সহায়তা করে গ্লোবাল ফান্ড।সভায় বক্তারা বলেন, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ও প্রচেষ্টায় দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি আশাব্যঞ্জকভাবে বাস্তবায়িত হচ্ছে। যক্ষ্মা রোগী শনাক্ত করা ও নিরাময়ের ক্ষেত্রে ইতিমধ্যে বাংলাদেশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তবে এখনো অনেক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ওষুধ প্রতিরোধী যক্ষ্মা (মাল্টিড্রাগ রেজিসট্যান্ট টিবি-এমডিআর-টিবি) দেশের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। শিশুদের যক্ষ্মা রোগটি সঠিকভাবে শনাক্ত করা এবং এইচআইভি/এইডস ও যক্ষ্মার মধ্যে সম্পর্কের বিষয়টি নিয়েও ভাবতে হবে। তিনি বলেন, ফুসফুসের বাইরেও দেহের যেকোনো অঙ্গে যক্ষ্মা হতে পারে। এসব যক্ষ্মা শনাক্তকরণের জন্য জেলা পর্যায়ে বিনা মূল্যে রোগনির্ণয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন।দেশে ব্র্যাকসহ ৩০টি এনজিও যক্ষ্মা কর্মসূচিতে সহায়তা করছে। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহযোগী পরিচালক জালাল উদ্দিন আহমেদ এনজিওদের কার্যক্রম তুলে ধরেন। সভায় গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যক্ষ্মা-বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।